সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএসের আসন বণ্টনে মেধা, না কি অনুদানের প্রভাব? ডোনার বা ট্রাস্ট কোটায় ভর্তি এবং সেন্ট্রাল পুলের আসন বণ্টন ঘিরে ওঠা একাধিক অভিযোগে এবার বড় পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। নিট-ইউজি-র নির্ধারিত মেধাতালিকা ও অনলাইন কাউন্সেলিংয়ের বাইরে অফলাইনে ভর্তি প্রক্রিয়া চালানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আপাতত সরকারি মেডিক্যাল কলেজগুলিতে নতুন করে কোনও ভর্তি করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ভর্তি প্রক্রিয়া।
মামলাকারী আইনজীবিদের অভিযোগ, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজের আসন বণ্টনে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। নিট-ইউজি-র মেধাতালিকা এবং নির্ধারিত কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ার বাইরে অফলাইনে ডোনার বা ট্রাস্ট কোটায় পড়ুয়া ভর্তি করা হচ্ছে। একই সঙ্গে সেন্ট্রাল পুলের আসন বণ্টন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কোন প্রার্থী কী যোগ্যতায়, কোন মেধাক্রমের ভিত্তিতে এবং কার সুপারিশে আসন পাচ্ছেন, সেই তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না বলে অভিযোগ।
এই মামলায় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটির ১১ অগস্টের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশকে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, জাতীয় মেডিক্যাল কমিশনের ২০২৩ সালের বিধি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে ডোনার বা ট্রাস্ট কোটার উল্লেখ থাকলেই সরকারি মেডিক্যাল কলেজে ওই পদ্ধতিতে ভর্তি বৈধ হয়ে যায় না।
শুধু ডোনার কোটাই নয়, মামলায় প্রশ্ন উঠেছে ডোমিসাইল শংসাপত্রের বৈধতা নিয়েও। অভিযোগ, অন্য রাজ্যের ঠিকানা দিয়ে নিট-ইউজি পরীক্ষায় রেজিস্ট্রেশন করা কয়েক জন প্রার্থী পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে শংসাপত্র দেখিয়ে রাজ্য কোটায় ভর্তির সুযোগ নিচ্ছেন। তাঁদের বাবা-মায়ের টানা দশ বছর রাজ্যে বসবাসের নির্ধারিত শর্ত যথাযথ ভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।
রাজ্যের স্থায়ী বাসিন্দা রাজ নস্কর নিজে পশ্চিমবঙ্গেই দশম ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা করেছেন। ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষায় এসসি বিভাগে তাঁর র্যাঙ্ক ৫১,৯০৩। রাজ্য কোটায় ভর্তির জন্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের প্রক্রিয়াও সম্পূর্ণ করেছেন তিনি। তা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে তাঁর অভিযোগের কার্যকর নিষ্পত্তি হয়নি বলে দাবি।
মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস আদালতে সওয়ালে জানান, ডোনার বা ট্রাস্ট কোটায় ভর্তি হওয়া পড়ুয়াদের টে মেধাক্রম, মনোনয়ন এবং যোগ্যতার নথি প্রকাশ করা জরুরি। ১৯৯৪ সালের সুপ্রিম কোর্টের একটি রায় এবং ১৯৭৩ সালের কলকাতা হাই কোর্টের একটি রায়ের উল্লেখ করে তাঁদের বক্তব্য, অতীতে অনুদান দেওয়ার কারণে কোনও ব্যক্তি বা তাঁর উত্তরাধিকারীরা সরকারি মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য আসন মনোনয়নের অধিকার দাবি করতে পারেন না।
ভর্তি সংক্রান্ত যাবতীয় নথি আদালতে পেশ করার পাশাপাশি ডোমিসাইল শংসাপত্রগুলির বৈধতা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন মামলাকারী। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া পুনর্বিবেচনারও আবেদন জানানো হয়েছে।
এই মামলাতেই আপাতত নতুন করে ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। আদালতের এই নির্দেশে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএসের আসন বণ্টন, ডোনার কোটার বৈধতা এবং ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক আরও জোরালো হল।




