প্রধানমন্ত্রী হওয়ার আট মাসের মাথায় প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রবিবার দিল্লিতে পৌঁছেছেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে ভারত ও নেপালের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। তাই বালেনের এই সফর ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বালেন্দ্র শাহ। তাঁকে অভিনন্দন জানিয়ে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপযুক্ত সময়ে আসবেন বলে জানিয়েছিলেন বালেন। অবশেষ প্রায় আট মাস পর ভারতে এলেন। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। বিদেশ সফরের ক্ষেত্রেও ভারতই তাঁর প্রথম দ্বিপাক্ষিক গন্তব্যস্থল।
সাধারণত নেপালের নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য হয় ভারত। কিন্তু দায়িত্ব নেওয়ার পর বালেনের ভারতে আসতে এতটা সময় নেওয়া নিয়ে কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। নভেম্বরের গোড়া ২ দিনের সফরে কাঠমান্ডু গিয়েছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। মূলত বালেনের সফরের প্রস্তুতি নিয়েই আলোচনা হয় সেখানে। এর আগে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই সফ নিয়ে আলোচনা করেছিলেন।
দু’দিনের সফরে কী কী কর্মসূচি রয়েছে?
প্রাথমিকভাবে বালেনের ভারত সফর চার দিনের হওয়ার কথা ছিল। ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সফরের সূচি তৈরি হয়েছিল। পরে তা কমিয়ে ২২ ও ২৩ নভেম্বর, অর্থাৎ দু’দিন করা হয়। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীদের ভারত সফরের তুলনায় এই সময়সীমা বেশ সংক্ষিপ্ত। এর আগে কে পি শর্মা ওলি ২০১৬ ও ২০১৮ সালে দু’বার ভারত সফর করেছিলেন। পুষ্পকমল দাহাল প্রচণ্ড এবং শের বাহাদুর দেউবা একবার করে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।
আরও পড়ুন: দেশে ১ কোটি পার এইচপিভি টিকার ডোজ, সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
রবিবার দুপুরে দিল্লিতে পৌঁছন বালেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। দিল্লির তাজমহল হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে সফরের আলোচ্য বিষয়গুলি নিয়ে পর্যালোচনা হয়।
সোমবার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রথমে বালেনকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করার কথা। দুই প্রধানমন্ত্রীর মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পরে হায়দরাবাদ হাউসে দু’দেশের প্রতিনিধিদলের বৈঠক হবে। উভয় দেশের তরফে পাঁচ জন করে প্রতিনিধি থাকবেন সেখানে। বৈঠকের পর বালেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মোদী। পাশাপাশি ভারত ও নেপালের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন নেপালের প্রধানমন্ত্রী। দেশে ফেরার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।
ভারতের তরফে বালেনকে বেঙ্গালুরু অথবা আমদাবাদ নিয়ে গিয়ে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে সম্মত হননি। রাজধানী দিল্লিতেই সফর সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
৩৫ জনেরর প্রতিনিধিদল, সঙ্গে অর্থ ও বিদেশমন্ত্রী
বালেনের সঙ্গে প্রায় ৩৫ জনের একটি প্রতিনিধিদল ভারতে এসেছে। এই দলে রয়েছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল। রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকারও। ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকেরাও এই সফরে অংশ নিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নেপালের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি বালেন শাহ।
২ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্যেরর দাবি
এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নেপালের আর্থিক সাহায্যের আবেদন। কাঠমান্ডুর তরফে ভারতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ চাওয়া হয়েছে। এর মধ্যে অনুদান এবং ঋণ দেওয়ার বিশেষ ব্যবস্থা বা লাইন অব ক্রেডিট—দু’ধরনের সহায়তাই রয়েছে।
গত ২৬ আগস্ট ভোটকোশী এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নির্মাণে এই অর্থের একাংশ ব্যবহার করতে চায় নেপাল। বাকি অর্থ নতুন পরিকাঠামো নির্মাণে খরচ করার পরিকল্পনা রয়েছে। দিল্লির তরফে এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে খবর। বিভিন্ন সূত্রের দাবি, প্রায় ১.৫ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে ভারত। প্রধানমন্ত্রী মোদীর তরফে একটি ‘চমকপ্রদ’ ঘোষণার ইঙ্গিতও দিয়েছেন ভারতীয় আধিকারিকেরা। তবে সেই ঘোষণা ঠিক কী হতে পারে, তা নেপালের সরকারি আধিকারিকদের কাছেও এখনও স্পষ্ট নয়। শীঘ্রই এই প্যাকেজের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আকাশপথ ব্যবহারে ভারতের সঙ্গে সমঝোতা চায় নেপাল
বালেনের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে বিমান চলাচলের রুট। আন্তর্জাতিক উড়ানের সুবিধার জন্য ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে নেপালের আকাশসীমায় প্রবেশের আরও কয়েকটি পথ চায় কাঠমান্ডু। ভৈরহওয়া, নেপালগঞ্জ, মহেন্দ্রনগর এবং জনকপুর হয়ে নতুন আকাশপথ চালুর প্রস্তাব দিয়েছে নেপাল। এতে আন্তর্জাতিক বিমান চলাচলের খরচ কমবে বলে মনে করছে সে দেশের সরকার।
তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরেই এই প্রস্তাবে সম্মতি দিতে দেরি করেছে ভারত। সম্প্রতি দিল্লির অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা গিয়েছে। ভারতীয় আধিকারিকদের মতে, মহেন্দ্রনগর দিয়ে নতুন রুট চালুর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। মহেন্দ্রনগর এবং ভৈরহওয়া—দুটি রুটের মধ্যে উচ্চতার পার্থক্য রয়েছে। মহেন্দ্রনগর দিয়ে বিমান তুলনামূলক বেশি উচ্চতায় নেপালের আকাশসীমায় প্রবেশ করবে। অন্যদিকে, ভৈরহওয়া দিয়ে অপেক্ষাকৃত কম উচ্চতায় প্রবেশের সুযোগ মিলবে, যা সাধারণত বিমান ওঠানামার ক্ষেত্রে বেশি সুবিধাজনক।
তবে এই বিষয়ে ভারতেরও কিছু দাবি রয়েছে। পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান ছাড়ার ক্ষেত্রে নেপালের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে দিল্লি। বাগডোগরা বিমানঘাঁটিটি মূলত বায়ুসেনার ঘাঁটি হলেও সেখানে অসামরিক বিমান পরিষেবাও চালু রয়েছে। কাঠমান্ডুর তুলনায় কম ভাড়ায় বিমানযাত্রার সুযোগ থাকায় বহু নেপালি যাত্রী বাগডোগরা ব্যবহার করেন।
এই প্রস্তাব খতিয়ে দেখতে ভারত সরকারের কাছে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য চেয়েছে নেপাল। পাশাপাশি ভৈরহওয়া বিমানবন্দরের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থার দাবি জানিয়েছে তারা।
এ ছাড়া বিহারের রক্সৌলে একটি বিমানবন্দর তৈরি করছে ভারত। সেই বিমানবন্দরের জন্যও নেপালের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে দিল্লি। তবে আপাতত সেই প্রস্তাবে সম্মতি দেয়নি কাঠমান্ডু। আগে প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য ও পরিকাঠামো সংক্রান্ত বিবরণ চেয়েছে তারা। এই বিষয়ে আলোচনার জন্য গত সপ্তাহেই নেপালের একটি প্রতিনিধিদল দিল্লিতে এসেছিল। পর্যটনমন্ত্রী খড়্গ রাজ পৌডেলেরও এই সংক্রান্ত আলোচনা চূড়ান্ত করতে ভারতে আসার কথা ছিল।
একাধিক প্রকল্পের উদ্বোধন
বালেনের সফরে ভারতীয় অর্থসাহায্যে তৈরি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন অথবা নতুন করে কাজ শুরুর ঘোষণা হতে পারে। এর মধ্যে অন্যতম অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ। পাশাপাশি ৬৬৯ মেগাওয়াটের লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের কথাও রয়েছে। এ ছাড়া পানৌতিতে নতুন নেপাল পুলিশ অ্যাকাডেমি ভবন, দারচুলায় একটি সেতু এবং ভৈরহওয়ায় একটি সমন্বিত চেকপোস্টের উদ্বোধন বা প্রকল্প শুরুর ঘোষণা হতে পারে।
দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ১০ দফার একটি যৌথ রূপরেখাও প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অংশীদারিত্ব, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সংযোগ, জলসম্পদ, জ্বালানি, বাণিজ্য, ক্রীড়া, শিক্ষা এবং স্বাস্থ্য—এই বিষয়গুলি তাতে গুরুত্ব পেতে পারে। পাশাপাশি প্রকাশিত হতে পারে একটি যৌথ বিবৃতি।
জলবিদ্যুৎ ও বিদ্যুৎ রপ্তানি নিয়েও আলোচনা
নেপালের জলবিদ্যুৎ ক্ষেত্রে আরও বড় ভূমিকা নিতে আগ্রহী ভারত। ইতিমধ্যে যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলির বাধা দূর করতেও উদ্যোগী দিল্লি। এর মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি-র সঙ্গে যুক্ত কয়েকটি প্রকল্পও রয়েছে।
অন্যদিকে, উৎপাদিত বিদ্যুতের আরও বড় বাজার তৈরি করতে চায় নেপাল। প্রতি বছর ভারতে ১,৬৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রির পরিমাণ বাড়াতে আগ্রহী কাঠমান্ডু। বর্তমানে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে নেপাল।
এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা এবং ভারতীয় অর্থসাহায্যে চলা প্রকল্পগুলির দ্রুত কাজ শেষ করার বিষয়েও আলোচনা হতে পারে।
যে বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম
তবে ভারত-নেপাল সম্পর্কের দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত বিষয় এই সফরে মিটে যাওয়ার সম্ভাবনা কম। দুই দেশের সীমান্ত বিবাদ এখনও জিইয়ে রয়েছে। ভারতের সঙ্গে নেপালের বাণিজ্য ঘাটতিও ক্রমশ বাড়ছে। বাণিজ্য ও পণ্য পরিবহণ সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়েও এখনও সমঝোতা হয়নি।
ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের নিয়োগের বিষয়টিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০২০ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত। আপাতত তা চালু হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
মহাকালী নদীর উপর প্রস্তাবিত পঞ্চেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। নদীর জল কীভাবে ভাগ করা হবে, তা নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি ভারত ও নেপাল। এই সফরে ওই প্রকল্প নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনাও কম।
দেখুন:




