• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

পাঁচ কোটি টাকার উৎস খুঁজতে টুলুর বয়ান-নথি মিলিয়ে দেখছে সিআইডি, ফের তলবের সম্ভাবনা

শুক্রবার ভবানী ভবনে দীর্ঘক্ষণ জেরার পর শনিবার সকাল থেকেই তদন্তের পরবর্তী ধাপে নামল সিআইডি। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের

পাঁচ কোটি টাকার উৎস খুঁজতে টুলুর বয়ান-নথি মিলিয়ে দেখছে সিআইডি, ফের তলবের সম্ভাবনা

Tulu Mondal Photo-SNS

শুক্রবার ভবানী ভবনে দীর্ঘক্ষণ জেরার পর শনিবার সকাল থেকেই তদন্তের পরবর্তী ধাপে নামল সিআইডি। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের দেওয়া বয়ান এবং জমা করা নথিপত্র খতিয়ে দেখছেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিকেরা। উদ্ধার হওয়া পাঁচ কোটি টাকা এবং তাঁর বিপুল সম্পত্তির উৎস সন্ধানেই এখন জোর দিচ্ছেন তদন্তকারীরা।

শুক্রবার জেরায় নিউটাউন ও নারায়ণপুর থেকে উদ্ধার হওয়া নগদ পাঁচ কোটি টাকা এবং নিজের সম্পত্তি নিয়ে একাধিক তথ্য দিয়েছিলেন টুলু। শনিবার সেই বয়ানের সঙ্গে আর্থিক লেনদেনের নথি মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। বিশেষ করে পাথর খাদান ব্যবসার আড়ালে কী ধরনের আর্থিক লেনদেন চলত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বীরভূমের পাথর খাদান সংক্রান্ত ভুয়ো ডিসিআর বা রসিদ জালিয়াতির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। সেই সংক্রান্ত নথি আলাদা করে পরীক্ষা করছেন আধিকারিকেরা। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কীভাবে বিপুল নগদ লেনদেন চলত, তার সূত্র খুঁজছে সিআইডি।

তদন্তকারী সূত্রে খবর, শুক্রবারের জেরায় টুলু মণ্ডলের কাছ থেকে কয়েকটি নাম এবং আর্থিক লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই উদ্ধার হওয়া পাঁচ কোটি টাকার প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রয়োজনে তাঁদেরও নোটিস পাঠিয়ে তলব করা হতে পারে বলে ভবানী ভবন সূত্রে খবর।

সিআইডির এক আধিকারিকের কথায়, “সব তথ্য যাচাই করে দেখার কাজ চলছে। এটা আমাদের প্রাথমিক কাজ।”

অন্যদিকে, শুক্রবারই টুলু মণ্ডলের গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচের আবেদন আপাতত স্থগিত করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে এই মুহূর্তে তাঁর হাতে আইনি সুরক্ষা নেই। বয়ান ও নথিপত্রে কোনও অসংগতি ধরা পড়লে সিআইডি কড়া পদক্ষেপ করতে পারে বলে মনে করছেন তদন্ত সম্পর্কে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, প্রয়োজনে আগামী সপ্তাহে ফের টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব করা হতে পারে। তবে এ বিষয়ে টুলু মণ্ডল বা তাঁর আইনজীবীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।