অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং আয়ুষ বাদোনি—তিন ব্যাটারই দ্রুত ফিরে যাওয়ার পর অধিনায়ক তিলক বর্মা ও কুমার কুশাগ্রর দুরন্ত পার্টনারশিপে ঘুরে দাঁড়াল ভারত ‘এ’। দোহায় নেপালের বিরুদ্ধে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলল তারা। জয়ের জন্য নেপালের লক্ষ্য ৩৩৩।
রাইজিং স্টার্স এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নেপাল। শুরু থেকেই ভারতীয় ব্যাটিংয়ের দুই বড় ভরসা অভিষেক ও বৈভবকে আটকে রাখেন নেপালের বোলারেরা। অভিষেক ১৩ বলে ৯ রান করে নন্দন যাদবের শিকার হন। আয়ুষ বাদোনি করেন মাত্র ২ রান। ৩২ বলে ২৬ রান করে বৈভবও ফিরে যান পবন সরাফের বলে। মাত্র ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকে দলের হাল ধরেন তিলক ও কুশাগ্র। চতুর্থ উইকেটে ১৯১ বলে ২০৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। দু’জনেই সেঞ্চুরি করেন। ১০২ বলে ১১৭ রান করে আউট হন কুশাগ্র। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও পাঁচটি ছয়। তিলক ১১৩ বলে ১০৭ রান করেন। ছ’টি চার ও চারটি ছয় মারেন ভারত ‘এ’ অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর সপ্তম শতরান।
তিলক-কুশাগ্রর জুটিতে বড় রানের ভিত তৈরি হয়ে গিয়েছিল। শেষ দিকে সুর্যাংশ শেডগে ১৪ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রানকে আরও এগিয়ে দেন। তাঁর ব্যাটে আসে চারটি চার ও দু’টি ছয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রান তোলে ভারত ‘এ’।
অন্য দিকে, নেপালের হয়ে শুরুতে দারুণ বল করেন নন্দন যাদব, ললিত রাজবংশী ও পবন সরাফ। তাঁদের দাপটেই প্রথম দিকে চাপে পড়ে যায় ভারত। কিন্তু তিলক ও কুশাগ্রর জুটি ম্যাচের ছবিটাই বদলে দেয়।
উল্লেখ্য, ভারত ‘এ’-র নেতৃত্বে রয়েছেন তিলক বর্মা। দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিং এবং হর্ষিত রানার মতো ক্রিকেটারও। নেপালের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই রাইজিং স্টার্স এশিয়া কাপে অভিযান শুরু করেছে ভারত।
পাল্টা ব্যাট করতে নেমেই অবশ্য নেপাল বুঝে নেয়, এই ম্যাচে জেতা তাদের পক্ষে বেশ কঠিন। কারণ, এক স্কোরবোর্ডে এক রান তুলতে না তুলতেই চার-চারটি উইকেট খোয়ায় তারা। হর্ষিত রাণা ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন। এই খবর লেখার সময় নেপাল সাত ওভারে চার উইকেট খুইয়ে ১৭। ক্রিজে লড়ছেন পবন সরাফ ও রশিদ খান। দুজনেরই রান ৬ করে।




