• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

হাসিনা ফেরার আগেই জ্বলছে তারেকের বাংলাদেশ, অগ্নিগর্ভ ২৩টি জেলা, পথে জামাত

পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ করা হয়। আওয়ামি লীগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানো হয়

হাসিনা ফেরার আগেই জ্বলছে তারেকের বাংলাদেশ, অগ্নিগর্ভ ২৩টি জেলা, পথে জামাত

Bangladesh Violence Photo-SNS

অগ্নিগর্ভ পদ্মাপারে নিভছে না বিদ্রোহের আগুন। ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, মৃত্যু ঘটছে বাংলাদেশে। আওয়ামি লীগের লকডাউন ঘিরে হিংসা এখনও অব্যাহত। ১৬টি জেলা থেকে মিলল নাশকতার খবর। গোপালগঞ্জে অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে বন্ধ ছিল ঢাকা-খুলনা সড়কে যান চলাচল। শুক্রবার ৩৬ ঘণ্টা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুক্রবার দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে। তবে ২৩টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দুটি ট্রেন ও রেললাইনে আগুন লাগানো হয়েছে। ভস্মীভূত ১২টি বাস। শেখ হাসিনার দলকে ঠেকাতে পৃথকভাবে রাস্তায় নামার ডাক দিয়েছে বাংলাদেশের শাসকদল বিএনপি এবং দুই বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আগে আওয়ামি লীগ লকডাউনের ডাক দেয় দেশজুড়ে। এই ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল উত্তেজনা এবং হিংসা চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের নানা প্রান্তে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনার খবর সামনে এসেছে। গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা, পাবনা জেলায় নাশকতার ঘটনা ঘটেছে বলে খবর। বাংলাদেশের নানা জেলায় ক্রমবর্ধমান অশান্তি দেশের সরকারকে অস্বস্তিতে রেখেছে।

অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ করা হয়। আওয়ামি লীগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানো হয়। গাজীপুরের ভুরুলিয়ায় শুক্রবার সকালে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা মারা হয়। আগুনে বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর ৫টা নাগাদ নাটোরের গুরুদাসপুরে দুটি দোকানেও আগুন লাগানো হয়। বরিশালে প্রাক্তন সেনাকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর। অশান্তি থামাতে পাল্টা হিংসা বা রক্তপাত চাইছে না বিএনপি সরকার। তবে রাজনৈতিকভাবে আওয়ামি লীগের মোকাবিলা করতে পথে নামছে তারেক রহমানের দল। রাজধানী ঢাকা-সহ নানা এলাকায় মিছিল করেছেন বিএনপির কর্মীরা। তবে ঢাকায় গণপরিবহন এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে।

তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সাতটি জেলায় মোট ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন আছে। ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামি লীগ এবং সহযোগী সংগঠনের ১০৭ জন আছেন। বাংলাদেশের লালমণিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে তারেক বলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আর একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। যে দেশে তারা পালিয়েছে, সেখানে তাদের প্রভুরা থাকে। তারা ষড়যন্ত্র করে ওই প্রভুদের খুশি করতে চাইছে।’