মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার এক মাসের মধ্যেই নতুন দায়িত্ব পেলেন মাহেলা জয়বর্ধনে। এ বার তাঁর ঠিকানা দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলে নয়, মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লির দলের ক্রিকেট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। ২০২৭ ডব্লিউপিএল মরসুমের আগে শুক্রবার এই ঘোষণা করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
নতুন দায়িত্বে দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় দেখাশোনা করবেন মাহেলা। দল গঠনের পরিকল্পনা, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বার করা, ক্রিকেটারদের উন্নতি এবং কোচিং স্টাফদের দক্ষতা বাড়ানোর দায়িত্বও থাকবে তাঁর উপর। অর্থাৎ মাঠের বাইরেও দিল্লির মহিলা দলের ক্রিকেটীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাহেলা। তিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের নিজস্ব একটা পরিচিতি রয়েছে। মহিলাদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ওদের পরিকল্পনা বেশ আকর্ষণীয়। ডব্লিউপিএল দলের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পেয়ে আমি খুব খুশি।’
নিজের লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। বলেন, ‘আমার লক্ষ্য থাকবে দলের যে শক্তিগুলো ইতিমধ্যেই রয়েছে, সেগুলোকে আরও মজবুত করা। পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা এবং দলকে ক্রমাগত উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যাতে খেতাবের লড়াইয়ে থাকতে পারি, সেটাই নিশ্চিত করতে চাই’। মাহেলার অভিজ্ঞতার উপর যথেষ্ট আস্থা রয়েছে দিল্লি কর্তৃপক্ষের।
খেলোয়াড় এবং কোচ—দু’টি ভূমিকাতেই সাফল্য রয়েছে মাহেলার। শ্রীলঙ্কার হয়ে ১৪৯টি টেস্টে ১১,৮১৪ রান এবং ৪৪৮টি এক দিনের ম্যাচে ১২,৬৫০ রান করেছেন তিনি। অধিনায়ক হিসাবে দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ২০১৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্যও ছিলেন।
কোচ হিসাবে তাঁর সবচেয়ে বড় সাফল্য মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। তাঁর কোচিংয়ে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই। ২০২২ সালে প্রধান কোচের পদ ছেড়ে মুম্বইয়ের গ্লোবাল হেড অব পারফরম্যান্স হয়েছিলেন তিনি। পরে ২০২৫ সালে আবার প্রধান কোচের দায়িত্বে ফেরেন। তবে ২০২৬ আইপিএলে মুম্বইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর গত মাসে দুই পক্ষের সম্পর্ক শেষ হয়।
এ বার দিল্লির মহিলা দলকে প্রথম ডব্লিউপিএল খেতাব এনে দেওয়াই মাহেলার সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিযোগিতার আগের চারটি সংস্করণেই ফাইনালে উঠেও এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। অভিজ্ঞ মাহেলার হাত ধরে সেই আক্ষেপ মেটাতে চায় ফ্র্যাঞ্চাইজি।




