কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের বিবাদ চরমে উঠেছিল। আর সেটা থামাতে গিয়ে এক যুবকের মারে মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ-সভাপতির। এই ঘটনা সামনে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। রাত ১২টা নাগাদ মালদহের হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে এই ঘটনা এখন সবচেয়ে চর্চিত বিষয়। বিবাদ যেহেতু মেলার পরিবেশ নষ্ট করছিল তাই তা থামাতে যান ওই বিজেপি নেতা। তখন তাঁর উপর চড়াও হয় ওই মত্ত যুবক। তাঁকে বেধড়ক মারধর করলে অসুস্থ অবস্থায় ওই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি নেতার নাম চন্দন মণ্ডল (৪৫)। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত চন্দন মণ্ডল ঋষিপুর এলাকারই বাসিন্দা ছিলেন। রাজনীতি করার পাশাপাশি তিনি ডেকোরেটার্সের ব্যবসা করতেন। স্থানীয় ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজো কমিটির সম্পাদকের দায়িত্বেও ছিলেন চন্দন। প্রত্যেক বছরের মতো এবারও চাঁদপুরে ওই কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ মেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কয়েকজন মদ্যপ যুবক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। জেনারেটর চালানো নিয়ে বচসা হয় তাদের। ওই বিবাদ থামাতে এগিয়ে যান চন্দন। তখন মত্ত যুবকদের মধ্যে একজন যুবক তাঁকে বেধড়ক মারধর করে। অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে চন্দনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে খবর, চন্দন মণ্ডল আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল কিছুদিন ধরে। তাঁর বুকে মারা হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
তাছাড়া এই ঘটনা নিয়ে মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানান, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই খুনের ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে মৃতের পরিবার। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কানাই চৌধুরী জড়িত। স্বামীর মৃত্যুর বিচারের দাবি জানান তিনি। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।




