বিধানসভা সূত্রে খবর, আগামী ৪ ডিসেম্বর, শুক্রবার অধিবেশনের সূচনা হবে। প্রথম দিন প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হতে পারে। স্পিকার রথীন্দ্রনাথ বসু সেই শোকপ্রস্তাব পাঠ করতে পারেন বলে জানা যাচ্ছে। এরপর শনি ও রবিবার অধিবেশনের কাজকর্ম বন্ধ থাকবে। ফের ৭ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হবে বিধানসভার কার্যক্রম। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
এবারের অধিবেশনে স্বাস্থ্যক্ষেত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আইনি স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলিকে কার্যকর করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিলগুলি বিধানসভায় পেশ করা হতে পারে। ফলে স্বাস্থ্যক্ষেত্রের বিষয়গুলি এবারের অধিবেশনে বিশেষ গুরুত্ব পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের ভাতা এবং বেতন সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রাক্তন বিধায়কদের একাংশ ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে নতুন সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আগেই রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। তাঁদের ভাতা কিছুটা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। সেই প্রস্তাব কার্যকর করতে এবার বিধানসভায় বিল আনা হতে পারে।
শুধু প্রাক্তন বিধায়করাই নন, বর্তমান বিধায়কদের বেতন সংক্রান্ত বিলও আসন্ন অধিবেশনে পেশ হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সব মিলিয়ে এবারের শীতকালীন অধিবেশনে মোট তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশ করানোর প্রস্তুতি রয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলি সহজেই পাশ করানো সম্ভব হবে বলে আশাবাদী শাসকপক্ষ। তবে বিরোধীরাও বিষয়গুলির উপর নজর রাখছে। বিলগুলির বিভিন্ন ধারা ও প্রস্তাবের খুঁটিনাটি খতিয়ে দেখে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার প্রস্তুতি নিচ্ছে তারা। ফলে প্রথম শীতকালীন অধিবেশনেই শাসক ও বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের সম্ভাবনা থাকছে।




