• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

ঘণ্টায় ৪৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১২০ মিটারের পাথর, মহাকাশবিজ্ঞানীদের নজরে ৫ গ্রহপিণ্ড

১৯ ও ২০ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে পাঁচটি গ্রহাণু। ১২০ মিটার চওড়া ও ৪৭ হাজার কিমি বেগে ছুটে আসা পাথরগুলির ওপর সতর্ক নজর নাসার।

ঘণ্টায় ৪৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১২০ মিটারের পাথর, মহাকাশবিজ্ঞানীদের নজরে ৫ গ্রহপিণ্ড

Five asteroids headed towards Earth: Nasa on alert for next 48 hours (Image: X/@konstructivizm)

আগামী ৪৮ ঘণ্টায় বেশ ব্যস্ত থাকতে চলেছে পৃথিবী সংলগ্ন মহাকাশ। বৃহস্পতিবার এবং শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) পৃথিবীর কাছ দিয়ে পরপর বেরিয়ে যাবে পাঁচটি গ্রহাণু (asteroids)। ১০ মিটার থেকে শুরু করে প্রায় ১২০ মিটার পর্যন্ত চওড়া এই মহাজাগতিক পাথরগুলির গতিবিধির ওপর কড়া নজর রেখেছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এবং জ্যোতির্বিজ্ঞানীরা। ‘নিয়ার-আর্থ অবজেক্ট’ (near-Earth object) নজরদারি কর্মসূচির আওতায় চিহ্নিত ওই পাঁচটি গ্রহাণু হল, ‘২০২৬ ভিএ১১’ (2026 VA11), ‘২০২৬ টিবি৮৪’ (2026 TB84), ‘২০২৬ ভিডি৬’ (2026 VD6), ‘২০১৮ এনই১’ (2018 NE1) এবং ‘২০০৭ ডব্লিউকে৩’ (2007 WK3)। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করে জানিয়েছেন, এগুলির কোনওটির সঙ্গেই পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা নেই।

নজরে দৈত্য

পাঁচটি গ্রহাণুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করবে ‘২০২৬ ভিএ১১’। বৃহস্পতিবার পৃথিবী থেকে আনুমানিক ৩৩ লক্ষ ৫০ হাজার কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে এটি, যা পৃথিবী ও চাঁদের গড় দূরত্বের প্রায় ৮.৭২ গুণ। ১০ থেকে ২২ মিটার চওড়া এই গ্রহাণুটির আপেক্ষিক গতিবেগ সেকেন্ডে প্রায় ৮.৯ কিলোমিটার বা ঘণ্টায় ৩২ হাজার ৪০ কিলোমিটার।

বিজ্ঞানীদের আলাদা নজর রয়েছে ‘২০২৬ টিবি৮৪’-এর দিকেও। এই তালিকার অন্যতম বৃহৎ গ্রহাণুটির ব্যাস আনুমানিক ৫০ থেকে ১১০ মিটার। প্রায় দৈত্য। বৃহস্পতিবার পৃথিবী থেকে প্রায় ৪৬ লক্ষ ৪০ হাজার কিলোমিটার দূর দিয়ে চলে যাবে এটি। আকারে বড় হওয়ায় গ্রহ প্রতিরক্ষা বা প্ল্যানেটারি ডিফেন্স (planetary defence) সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এই গ্রহাণুটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর গতিপথ এবং বাহ্যিক গঠন বিশ্লেষণ করলে পৃথিবীর আশপাশে ঘুরতে থাকা গ্রহাণুগুলির চরিত্র বুঝতে সুবিধা হবে।

বাকি তিন গ্রহাণুর গতিপথ

বৃহস্পতি এবং শুক্রবারের এই ৪৮ ঘণ্টার মধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে আসবে বাকি তিনটি মহাজাগতিক বস্তু। সেগুলির গতিবেগ ও আকারের খতিয়ান খানিকটা এরকম– ২০১৮ এনই১: এই পাঁচটি গ্রহাণুর মধ্যে সবচেয়ে দ্রুতগামী। সেকেন্ডে প্রায় ১৩.৩ কিলোমিটার বা ঘণ্টায় ৪৭ হাজার ৮৮০ কিলোমিটার বেগে ছুটছে এটি। ৫০ থেকে ১২০ মিটার চওড়া এই গ্রহাণুটি বৃহস্পতিবার পৃথিবী থেকে প্রায় ৬৩ লক্ষ ৮০ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে। ২০০৭ ডব্লিউকে৩: ১৪ থেকে ৩০ মিটার ব্যাসের এই গ্রহাণুটিও বৃহস্পতিবারই পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছবে। সেই সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৫৪ লক্ষ ৭০ হাজার কিলোমিটার। ২০২৬ ভিডি৬: তালিকার শেষ গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে শুক্রবার (২০ নভেম্বর)। ১২ থেকে ২৮ মিটার চওড়া এই পাথরটি পৃথিবী থেকে প্রায় ৪০ লক্ষ ১০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে।

কেন এত সতর্কতা

পৃথিবীর কক্ষপথের তুলনামূলক কাছ দিয়ে ঘুরে যাওয়া মহাজাগতিক পাথরগুলিকেই ‘নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড’ (near-Earth asteroids) বলা হয়। এ বারের পাঁচটি গ্রহাণুর ক্ষেত্রে আছড়ে পড়ার কোনও পূর্বাভাস না থাকলেও, মহাকাশবিজ্ঞানীরা এই ধরনের প্রতিটি ‘ফ্লাইবাই’-কে (flyby) নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। কারণ, এই পর্যবেক্ষণ থেকেই গ্রহাণুগুলির নিখুঁত গতিপথ গণনা করা, কক্ষপথের অনিশ্চয়তা মাপা এবং ভবিষ্যতে কখনও পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে কি না, তা আগাম চিহ্নিত করা সম্ভব হয়।

প্ল্যানেটারি ডিফেন্স সংস্থাগুলির মতে, ১৪০ মিটারের চেয়ে বড় কোনও গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে বিশাল অঞ্চল জুড়ে ভয়াবহ ধ্বংসলীলা ঘটতে পারে। সেই কারণেই বিজ্ঞানীদের কাছে কেবল একটি গ্রহাণু আজ পৃথিবীর কতটা কাছে আসছে তা-ই শেষ কথা নয়, বরং সেটি কোন দিকে এগোচ্ছে এবং আগামী দিনে তার গতিপথ কোনও ভাবে পৃথিবীর কক্ষপথকে ছেদ করবে কি না, সেই হিসাব কষাই এই ৪৮ ঘণ্টার নজরদারির মূল লক্ষ্য।