প্রথম দিনেই ৭০ রানে পাঁচ উইকেট হারিয়েও ২৪৩/৫-এ দিন শেষ করল নিউজিল্যান্ড। বুমরাহ ছাড়া বাকি ভারতীয় পেসারদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। তার মধ্যেই মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি সাজিয়েই সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতীয় দলের বোলিং নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার জশপ্রীত বুমরা একাই তিনটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন। কিন্তু দিনের শেষে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপ্সের ১৭৩ রানের জুটিতে ঘুরে দাংড়ায় কিউয়িরা। প্রথম দিনের শেষে তাদের রান ৫ উইকেটে ২৪৩। এই পরিস্থিতিতেই সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
কোটাকের দাবি, শুধু প্রথম দিনের কথা মাথায় রেখে দল নির্বাচন করা হয়নি। পাঁচ দিনের টেস্টের সামগ্রিক পরিস্থিতি বিচার করেই প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সিরাজকে নিয়ে কোনও সমস্যা নেই। দল বাছার সময় আমাদের মনে হয়েছিল, এটাই সেরা প্রথম একাদশ। সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে বলে আমি মনে করি না। এ তো সবে প্রথম দিন। আমরা শুধু প্রথম দিনের কথা ভেবে দল নির্বাচন করি না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের কথাও মাথায় রাখতে হয়’।
সিরাজের পরিবর্তে চার পেসার নিয়ে খেলছে ভারত। বুমরার সঙ্গে রয়েছেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অংশুল কম্বোজ। অন্য দিকে, রবীন্দ্র জাদেজার পরিবর্তে খেলছেন ওয়াশিংটন সুন্দর। কেন জাদেজার বদলে ওয়াশিংটনকে বেছে নেওয়া হল, তারও ব্যাখ্যা দিয়েছেন কোটাক।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের প্রথম সারিতে চার জন বাঁহাতি ব্যাটার রয়েছে। সেই কারণেই আমরা ওয়াশিকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ম্যাচের জন্য আমাদের কাছে এটাই সেরা বোলিং আক্রমণ’।
প্রথম দিনের খেলায় অংশুল কম্বোজের বোলিংয়ের গতি নিয়েও চর্চা শুরু হয়েছে। বেশির ভাগ সময় ঘণ্টায় ১২৬ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। তবে তা নিয়ে উদ্বিগ্ন নন কোটাক। তিনি বলেন, ‘কম্বোজের গতি ১৩০, ১২৮, কয়েকটি বল ১২৬ কিলোমিটার গতিতেও করেছে। আমার মনে হয়, এটা যথেষ্ট’।
প্রসিদ্ধ কৃষ্ণের পাশে দাঁড়িয়েও যুক্তি দিয়েছেন ভারতীয় কোচ। প্রসিদ্ধ ৫৮ রান দিয়েও কোনও উইকেট পাননি। কোটাক বলেন, ‘প্রসিদ্ধ আক্রমণাত্মক বোলার। আমরা জানি, ও কিছু রান দেবে। ও যখন উইকেট নেয়, তখন আমরা খুশি হই। আবার যখন মার খায়, তখন অসন্তুষ্ট হই। শুধু রান দেওয়ার ভিত্তিতে ওকে বিচার করা ঠিক নয়। এটা অন্যায়’।
নিউজিল্যান্ডের ব্যাটারদের পাল্টা লড়াইয়ের কৃতিত্বও দিয়েছেন কোটাক। তাঁর মতে, রোদ ওঠার কারণে পিচের আর্দ্রতা প্রত্যাশার চেয়ে দ্রুত শুকিয়ে গিয়েছিল। ফলে নতুন বলের সুবিধা আর পাননি ভারতীয় বোলাররা।
কোটাক বলেন, ‘আবহাওয়া ভাল ছিল এবং রোদ উঠেছিল। ফলে পিচের আর্দ্রতা যতটা সময় থাকার কথা, তার চেয়ে দ্রুত শুকিয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটারেরা ভাল ব্যাট করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। স্পিনারের বিরুদ্ধে তারা অযথা ঝুঁকি নেয়নি। নতুন বলে বোলারেরা বেশি সাহায্য পেয়েছে’।
প্রথম দিনের শুরুতে ভারতীয় বোলারদের দাপট থাকলেও পরের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নিউজিল্যান্ডের হাতে। সিরাজকে বাইরে রেখে যে বোলিং পরিকল্পনা সাজানো হয়েছিল, দ্বিতীয় দিনেও সেই সিদ্ধান্তের সাফল্য প্রমাণ করার চ্যালেঞ্জ এখন ভারতীয় দলের সামনে।




