• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

জামিন পেলেন অজিত মাহাতো, দুই মামলা থেকেই আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা

অন্যদিকে জেলে থাকাকালীনই অজিতবাবুর বিরুদ্ধে আরও একটি অভিযোগ সামনে আসে। গৌড়ীয় মঠের সম্পত্তি চুরি এবং মঠ চত্বরে

জামিন পেলেন অজিত মাহাতো, দুই মামলা থেকেই আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা

Ajit Mahato Bail Photo-SNS

ঝাড়গ্রাম আদালতে জামিনে মুক্তি পেলেন মমতাপন্থী তৃণমূল নেতা অজিত মাহাতো। ঝাড়গ্রাম আদালতে হাজিরা দেন তিনি। গৌড়ীয় মঠের সম্পত্তি চুরি ও মঠ চত্বরে শালগাছ কেটে বিক্রি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। এমনকী বনদপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলাতেও জামিন পেয়েছেন তিনি। দুই মামলাতেই জামিন পাওয়ার পর এবার আদালতের নির্দেশে মুক্তি পান। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিলেন তৃণমূল নেতা। অজিত মাহাতোকে গ্রেপ্তার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। তারপর ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পুলিশ।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে গোপীবল্লভপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত মাহাতো। তিনি এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। চাকরি এবং টাকা কিছুই না পেয়ে ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪) ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার জেরেই গ্রেপ্তার হয়েছিলেন। গত ৩০ অক্টোবর ঝাড়গ্রামের বাড়ি থেকে অজিত মাহাতোকে গ্ৰেপ্তার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ।

অন্যদিকে জেলে থাকাকালীনই অজিতবাবুর বিরুদ্ধে আরও একটি অভিযোগ সামনে আসে। গৌড়ীয় মঠের সম্পত্তি চুরি এবং মঠ চত্বরে থাকা শালগাছ কেটে বিক্রি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক এদিন জামিনের আবেদন মঞ্জুর করেন। অজিতবাবুর আইনজীবী সায়ক ভদ্র বলেন, ‘আইনের উপর আমাদের আস্থা আছে। বিচারক উভয়পক্ষের বক্তব্য শুনে রায় দিয়েছেন। আমরা আদালতের এই রায়ের প্রতি সম্মান জানাচ্ছি।’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অজিত। কিন্তু বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে হেরে যান। এরপর তৃণমূল দু’ভাগে রাজ্যে ভেঙে গেলে অজিত মাহাতো মমতা শিবিরেই ছিলেন।

তাছাড়া আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানায় গত ২৯ তারিখ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩০৮(৫)/৩৫১(৩)/১১১(৩)/৬১(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ অজিত মাহাতোকে গ্রেপ্তার করে। রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এই বিষয়ে অজিতের পরিবারের পাল্টা অভিযোগ করেছিল, মাঝরাতে শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে অজিতকে নিয়ে গিয়েছে পুলিশ।