শতবর্ষে পদার্পণ করল দি ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই সমবায় ব্যাঙ্কের শতবর্ষ উপলক্ষে গ্রাহক ও সদস্যদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শতবর্ষের এই মাইলফলকে প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রাপথ, গ্রাহক পরিষেবা এবং আগামী দিনের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।
হাওড়ার ১০, নরসিংহ দত্ত রোড, কদমতলায় অবস্থিত এই ব্যাঙ্কের যাত্রা শুরু হয়েছিল এলাকার কয়েক জন সমবায়মনস্ক মানুষের উদ্যোগে। ১৯২৭ সালে বর্তমান বটতলা থানার বিপরীতে ব্যাঁটরা কো-অপারেটিভ সোসাইটির আত্মপ্রকাশ ঘটে। তৎকালীন সময়ে মহাজন ও সুদখোরদের বিরুদ্ধে এলাকার প্রান্তিক মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল।
প্রতিষ্ঠার পর মানুষের সহযোগিতা ও সমর্থনে ধীরে ধীরে এগিয়ে চলে সংস্থাটি। প্রথমে পুরনো ভবন ছেড়ে মাকড়দহ রোডে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় ব্যাঙ্ক। পরে ১৯৮৬ সালে ব্যাঙ্কিং লাইসেন্স পাওয়ার পর সমবায় সোসাইটি থেকে ব্যাঙ্কে পরিণত হয় প্রতিষ্ঠানটি। ব্যাঙ্কিং লাইসেন্স পাওয়ার পর কাজের পরিধি বাড়তে থাকে। একই সঙ্গে বৃদ্ধি পায় গ্রাহক ও আমানতকারীর সংখ্যাও। ফলে জায়গার অভাবে ১৯৯৬ সালে ফের বর্তমান ভবনে স্থানান্তরিত হয় ব্যাঙ্ক।
দীর্ঘ পথ চলার মধ্যে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ পশ্চিমবঙ্গের প্রথম সারির সমবায় ব্যাঙ্কগুলির মধ্যে জায়গা করে নিয়েছে দি ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সমতুল্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এই সময়ে টিয়ার-১ থেকে টিয়ার-২ ব্যাঙ্কে পরিণত হয়েছে তারা। রিজার্ভ ব্যাঙ্কের নিরিখে আর্থিকভাবে শক্তিশালী ও সুষ্ঠুভাবে পরিচালিত ব্যাঙ্ক হিসেবেও চিহ্নিত হয়েছে প্রতিষ্ঠানটি।
শতবর্ষের বার্তায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৯২ সালে শেষ বার সদস্যদের লভ্যাংশ দেওয়া হয়েছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে সদস্যদের লভ্যাংশ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বর্তমানে সম্পূর্ণরূপে কোর ব্যাঙ্কিং ব্যবস্থায় পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রাহক পরিষেবার ক্ষেত্রে নোটবন্দি ও করোনা পর্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই দুই সময়ে ব্যাঙ্কের কর্মচারী, পরিচালক ও সদস্য প্রতিনিধিরা দিনরাত এক করে গ্রাহক পরিষেবা অব্যাহত রেখেছিলেন বলে জানানো হয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই আগামী দিনে রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মতো পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলার বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শতবর্ষের এই বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যকে সামনে রেখে ব্যাঙ্কের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। এলাকার মানুষের পাশাপাশি সমাজের উন্নয়নের লক্ষ্যেই যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, সেই আদর্শ ধরে রাখাই শতবর্ষের অঙ্গীকার বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
শতবর্ষের বার্তায় স্বাক্ষর করেছেন ব্যাঙ্কের সম্পাদক শঙ্করনাথ কোলে, মুখ্য আধিকারিক আশীষ কুমার পাত্র এবং সভাপতি নির্মল কান্তি দাস।




