• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

কেকেআরের মালিকানায় মার্কিন সংস্থা অ্যারেস! ৩৭০০ কোটিতে ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি জুহি-জয় মেহতাদের

জল্পনাই সত্যি হতে চলেছে। আইপিএলের আগামী মরশুমে নতুন মালিকানা কাঠামোয় প্রবেশ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কেকেআরের মালিকানায় মার্কিন সংস্থা অ্যারেস! ৩৭০০ কোটিতে ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি জুহি-জয় মেহতাদের

জল্পনাই সত্যি হতে চলেছে। আইপিএলের আগামী মরশুমে নতুন মালিকানা কাঠামোয় প্রবেশ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং জুহি চাওলা-জয় মেহতার মেহতা গ্রুপের সঙ্গে এ বার যুক্ত হতে চলেছে মার্কিন বিনিয়োগ সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট। সূত্রের খবর, মেহতা গ্রুপের হাতে থাকা শেয়ারের অর্ধেক কিনে নিতে চলেছে এই মার্কিন সংস্থা। চুক্তির প্রাথমিক শর্ত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে আনুষ্ঠানিক সিলমোহর পড়তে পারে।

বর্তমানে কেকেআরের মালিকানায় রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং জুহি চাওলা ও জয় মেহতার মেহতা গ্রুপ। দলের ৫৫ শতাংশ শেয়ার রয়েছে রেড চিলিজের হাতে। বাকি ৪৫ শতাংশের মালিক মেহতা গ্রুপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের হাতে থাকা ৪৫ শতাংশ শেয়ারের অর্ধেক অর্থাৎ কেকেআরের মোট মালিকানার ২২.৫ শতাংশ বিক্রি করতে চলেছে মেহতা গ্রুপ। সেই শেয়ারই কিনতে চলেছে অ্যারেস ম্যানেজমেন্ট।

এই চুক্তির অঙ্কও যথেষ্ট নজরকাড়া। ২২.৫ শতাংশ মালিকানার বিনিময়ে মেহতা গ্রুপকে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে চলেছে অ্যারেস। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩,৭০০ কোটি টাকা। মূলত কেকেআরের বিপুল বাজারমূল্য এবং ভবিষ্যতের বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে শেয়ার বিক্রি করলেও দলের মালিকানা থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছে না মেহতা গ্রুপ।

মার্কিন সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট মূলত বিনিয়োগ, আবাসন ও পরিকাঠামো ক্ষেত্রে কাজ করে। খেলাধুলার জগতেও তাদের বিনিয়োগ রয়েছে। ফুটবল এবং আমেরিকার জাতীয় ফুটবল লিগের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও যুক্ত এই সংস্থা। এ বার আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কেকেআরের অংশীদার হতে চলেছে তারা।

এই লেনদেনের ফলে কেকেআরের সামগ্রিক বাজারমূল্যও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সূত্রের খবর, দলের বর্তমান মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে রাজস্থান রয়্যালসের মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ১৫,৬৬০ কোটি টাকা। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মূল্য প্রায় ১৬,৬৬০ কোটি টাকা। ফলে বাজারমূল্যের নিরিখে কেকেআরও আইপিএলের সবচেয়ে দামি দলগুলির সমতুল হয়ে উঠেছে।

এই চুক্তি সম্পন্ন হলে নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডও লেনদেনের নির্দিষ্ট অংশ পাবে। সূত্রের দাবি, মোট চুক্তিমূল্যের ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২০০ কোটি টাকা বোর্ডের কোষাগারে জমা পড়তে পারে। সব মিলিয়ে অ্যারেসের প্রবেশ কেকেআরের মালিকানা কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।