বেশ কিছুদিন ধরে তৃণমূল-সহ বিরোধীরা অভিযোগ করে আসছেন রাজ্যজুড়ে যেসব ক্লাব আছে সেগুলি বিজেপি দখল করে নিচ্ছে। তার ফলে অন্যান্য সদস্যরা কাজ করতে পারছেন না। এমনকী পরিস্থিতি খারাপ হচ্ছে। ক্লাবের মধ্যে রাজনীতি ঢুকে পড়ছে। ক্লাবগুলিকে গৈরিকীকরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠতে থাকে। দুর্গাপুজোর সময় চোরবাগানে যে ঘটনা ঘটেছিল সেটার ক্ষেত্রেও রাজনৈতিক নেতারা ক্লাবে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ তোলা হয়। এই আবহে এবার দুর্গাপুরের বিজেপি বিধায়ক দিলেন সৌজন্যের বার্তা। ক্লাবে যাতে রাজনীতির রং না লাগে তার জন্য সব দলের প্রতিনিধিদের রাখার পক্ষে সওয়াল করেন তিনি।
এদিকে ক্লাবের নিজস্ব পরিচয় এবং স্বকীয়তা বজায় থাক সেটা চান তিনি। ক্লাবের পরিচালনায় যেন কোনও রাজনৈতিক দলের প্রভাব না থাকে সেই বার্তাও দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। এমন অভিযোগ যাতে আর না ওঠে সেটা তার জন্যই এই বার্তা বলে মনে করা হচ্ছে। আর মানুষের এবং এলাকার উন্নতিতে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও সমানভাবে জায়গা পাবে বলে সরাসরি বার্তা দিলেন বিজেপি বিধায়ক। যা একদিকে সৌজন্যের অপরদিকে রাজনীতির রং যাতে না লাগে সেই বিষয়টিও রয়েছে।
অন্যদিকে দুর্গাপুরের ইস্পাত নগরীতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অষ্টমীর রাতে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করার পাশাপাশি সেখানেই তিনি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সকলকে কাজ করার বার্তা দিয়েছেন। যা সকলের ভাল লেগেছে। ক্লাবের স্বাধীনতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিতেই করতালিতে ফেটে পড়ে সভাস্থল। আসলে একাধিকবার অভিযোগ ওঠে, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন সেই দলেরই নেতৃত্বে পরিচালিত হয় নানা ক্লাব। সিপিএম, তৃণমূল কংগ্রেসের আমলে সেই ছবিই দেখা গিয়েছে বলে অভিযোগ। কিন্তু বিজেপি সেটা চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক।
তাছাড়া সকল দলের সদস্যরা থাকলে কোনও কাজ করা সহজ হবে বলেই তিনি মনে করেন। আর সেটা ঘটলে কেউ বলতে পারবেন না কোনও ক্লাব কোনও রাজনৈতিক দলের হয়ে গিয়েছে। এই বিষয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘ক্লাবকে রাজনীতি মুক্ত থাকতে দিন। মুক্ত বাতাসে ক্রীড়া জগতে এবং নানারকম সামাজিক কাজে এগিয়ে যাক। ক্লাবে রাজনৈতিক রং লাগাবেন না। ক্লাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই থাকবে। সকলে মিলে ক্লাবের কাজকে সকলের মাঝে তুলে ধরুন। কোনও সমস্যা হলে আমি পাশে থাকব।’




