পশ্চিমবঙ্গের বীরভূমের নানুরে একটি ইটভাটায় পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যুর ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। রতন শেখের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি শান্তিনিকেতনের সাঁওতালপাড়ার কাছে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে জখম করার ঘটনায়ও সে ছিল প্রধান অভিযুক্ত। পুলিশের দাবি, তাকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ পালটা গুলি চালালে সে আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনাটি নিঃসন্দেহে উদ্বেগজনক। কর্তব্যরত পুলিশকর্মীর ওপর গুলি চালানো গুরুতর অপরাধ। বিশ্বজিৎ দাসের দ্রুত সুস্থ হয়ে ওঠা কাম্য। একই সঙ্গে পুলিশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। অপরাধীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আইন ও বিচারব্যবস্থার প্রতি দায়বদ্ধতা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার পর অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, পুলিশকে অস্ত্রধারী অপরাধীদের মোকাবিলায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলিশের ওপর কেউ গুলি চালালে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ধর্ষক, খুনি এবং দাগি অপরাধীদের জন্য পশ্চিমবঙ্গে কোনও জায়গা থাকবে না বলেও তিনি জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পিছনে অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা রয়েছে। সাধারণ মানুষও চান, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পার না পায়।
কিন্তু প্রশ্ন হল, অপরাধ দমনে কঠোরতা কি সব সময় এনকাউন্টারের মাধ্যমে প্রকাশ পাবে? গত ছয় মাসে রাজ্যে পাঁচটি পুলিশি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর নানুরের ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের বক্তব্য এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ, পুলিশি এনকাউন্টার আত্মরক্ষার পরিস্থিতিতে ঘটতে পারে, কিন্তু তার আড়ালে বিচারবহির্ভূত হত্যার কোনও সুযোগ থাকা উচিত নয়।
রতন শেখের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অপরাধের অভিযোগ ছিল। কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হওয়ার পর শুক্রবার সে জামিন পেয়েছিল বলে পুলিশের সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীও প্রশ্ন তুলেছেন, আদালতের পুজোর ছুটির মধ্যে কীভাবে সে জামিন পেল। এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। তবে আদালতের জামিন দেওয়ার সিদ্ধান্তকে প্রশ্ন করার পাশাপাশি জামিনের শর্ত, মামলার নথি এবং তদন্তের অগ্রগতিও খতিয়ে দেখা দরকার। বিচারব্যবস্থার নিজস্ব প্রক্রিয়াকে সম্মান করেই এই বিষয়গুলির পর্যালোচনা হওয়া উচিত।
আসলে অপরাধ দমনের স্থায়ী সমাধান শুধু কঠোর পুলিশি পদক্ষেপে সম্ভব নয়। দ্রুত তদন্ত, নির্ভুল চার্জশিট, সাক্ষীদের নিরাপত্তা, সময়মতো বিচার এবং অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করাও সমান জরুরি। পুলিশের হাতে পর্যাপ্ত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং আইনি ক্ষমতা
থাকা দরকার। একই সঙ্গে সেই ক্ষমতার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিও থাকতে হবে।
সরকারের দায়িত্ব অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়া, কিন্তু সেই কঠোরতা যেন আইনের সীমা অতিক্রম না করে। পুলিশের নিরাপত্তা এবং নাগরিকের জীবন ও অধিকার— দুটিই সমান গুরুত্বপূর্ণ। মানুষ চায় নিরাপদ সমাজ, যেখানে অপরাধীরা ভয় পাবে, কিন্তু নিরপরাধ মানুষও রাষ্ট্রের ক্ষমতার ব্যবহারের আতঙ্কিত হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার প্রকৃত সাফল্য সেখানেই।




