পাঁচ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের নদীর ঘাট থেকে উদ্ধার হল ১৬ বছরের এক নাবালিকার দেহ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুলধরপুরে বেদনা নদীর ঘাট থেকে দেহটি উদ্ধার হয়। নাবালিকাকে খুন করে দেহ নদীর ঘাটে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরিবার সূত্রে খবর, শুক্রবার এলাকায় কালীপুজোর বিসর্জন ছিল। অনুষ্ঠান চলাকালীন রাত ৮টা নাগাদ একবার বাড়িতে এসেছিল ওই নাবালিকা। রাত ৯টা নাগাদ খাবারের জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন, ঘরে নেই সে।
এরপরই পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে রবিবার বাগদা থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের বেদনা নদীর ঘাটে নাবালিকার দেহ প্রথম দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় বাগদা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ, কেউ বা কারা নাবালিকাকে অপহরণ করে খুনের পর নদীর ঘাটে ফেলে দিয়ে গিয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।




