আন্তর্জাতিক সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩১৯৮ গ্রাম বিদেশি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের নাম কুতুবউদ্দিন মণ্ডল। উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর ঘোজাডাঙা সীমান্তে তল্লাশি চালানোর সময় একটি মোটরসাইকেল-সহ কুতুবউদ্দিনকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে কালো টেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করেন জওয়ানরা।
প্যাকেট দুটির ভিতর থেকে বিভিন্ন আকারের মোট আটটি সোনার বার পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে ধৃতের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর বাজেয়াপ্ত সোনা ও মোটরসাইকেল-সহ কুতুবউদ্দিনকে রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) হাতে তুলে দেয় বিএসএফ। শুল্ক আইনের ধারায় মামলা দায়েরের পর তাঁকে আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ডিআরআইয়ের বিশেষ সরকারি কৌঁসুলি অভিজিৎ বিশ্বাস জানান, সীমান্তে সোনা পাচার রুখতে বিএসএফের নজরদারি ও তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়।




