• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

উন্নত দেশ অর্থ ও প্রযুক্তির দায়িত্ব উন্নয়নশীল দেশের ওপর চাপালে জলবায়ু নিয়ে ন্যায়বিচার হবে না

তবে সরকারি প্রতিনিধিদল না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু আন্দোলন ও সেদেশের বিভিন্ন রাজ্য প্রশাসনের নেতৃত্বের একটি বড় অংশ, প্রায় ১২০ জন গুরুত্বপূর্ণ প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত। তাঁদের অনেকেরই বক্তব্য, হোয়াইট হাউসের নীতিগত অবস্থান সত্ত্বেও আমেরিকার বহু অঙ্গরাজ্য, শহর, বিজ্ঞানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের লক্ষ্য স্থানীয় স্তরের পরিচ্ছন্ন জ্বালানি, কর্মসংস্থান ও দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। ফলে আমেরিকার সরকারি অনুপস্থিতি একদিকে যেমন বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে শূন্যতা তৈরি করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জলবায়ু উদ্যোগের যে বিকল্প কণ্ঠস্বরও রয়েছে, সেটা এই আন্তর্জাতিক মঞ্চে সামনে চলে এসেছে।  

উন্নত দেশ অর্থ ও প্রযুক্তির দায়িত্ব উন্নয়নশীল দেশের ওপর চাপালে জলবায়ু নিয়ে ন্যায়বিচার হবে না

File Photo

তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৩১তম বিশ্ব সম্মেলন বা কপ-৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু পরিবর্তনের কুফল যখন পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে ক্রমশ তীব্র হচ্ছে, তখন এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মসূচিতে রূপান্তরিত করা। তাই এই সম্মেলনকে ইমপ্লিমেন্টেশন কপ বা বাস্তবায়নের সম্মেলন বলা হচ্ছে। তুরস্কের সভাপতিত্বে এবং অস্ট্রেলিয়ার নেতৃত্বে আলোচনার এই নতুন যৌথ কাঠামোতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে জলবায়ু পরিবর্তন রোধ ও তার জন্য হওয়া সমস্যা মোকাবিলায় অর্থের যোগান, এডাপ্টেশন বা অভিযোজন এবং জ্বালানির ন্যায্য উত্তরণের প্রশ্নগুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে এই বিষয়টি নিঃসন্দেহে ইতিমধ্যেই সামনে এসেছে যে উন্নত দেশগুলি আর্থিক ও প্রযুক্তিগত দায়বদ্ধতা স্বীকার না করে উন্নয়নশীল দেশগুলির উপর সমান বোঝা চাপিয়ে দিলে জলবায়ু দূষণ রোধের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্মেলনের প্রথম সপ্তাহেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন, প্রথমতঃ জলবায়ু সুরক্ষার লক্ষমাত্রা বনাম অর্থনৈতিক নির্ভরশীলতা, অর্থাৎ, বিভিন্ন দেশ, বিশেষত উন্নত দেশগুলি গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রয়োজনীয়তা স্বীকার করলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কী গতিতে এবং কোন পদ্ধতিতে পর্যায়ক্রমে কম করা হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। দ্বিতীয়তঃ জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক দায়বদ্ধতা বনাম আর্থিক প্রতিশ্রুতি, অর্থাৎ, উন্নয়নশীল দেশগুলির দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী শিল্পোন্নত দেশগুলিকে পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। আর তৃতীয়তঃ জ্বালানি ক্ষেত্রে ন্যায্য উত্তরণ বা জাস্ট ট্রাঞ্জিশন বনাম সামাজিক ন্যায়বিচার, অর্থাৎ, পরিচ্ছন্ন জ্বালানির দিকে উত্তরণের প্রক্রিয়ায় কর্মসংস্থান, মানুষের জীবিকা এবং দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলির উন্নয়নের অধিকার সুরক্ষিত রাখতে হবে।

এই বিষয়ে এবারে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে জাস্ট ট্রাঞ্জিশন ওয়ার্ক প্রোগ্রামের পর্যালোচনা ও ভবিষ্যৎ। বিভিন্ন দেশ এই কর্মসূচি ২০২৬ সালের পরেও চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। শুধু নীতিগত আলোচনা নয়, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর ভিত্তি করে এবার এবিষয়ে একটা বাস্তব কর্মসূচি তৈরি করা এবং আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, নারী ও প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এই কর্মসূচির সঙ্গে সম্ভাব্য বেলেম-আন্তালিয়া মেকানিজম বা বিএএম প্রতিষ্ঠার প্রশ্নটি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। উন্নয়নশীল দেশগুলির কাছে এটি ন্যায্য জলবায়ু উত্তরণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হয়ে উঠতে পারে।

জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে পরিচ্ছন্ন জ্বালানির অর্থনীতিতে যাওয়া নিঃসন্দেহে জরুরি। কিন্তু এই পরিবর্তনের ফলে কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ট শিল্পের শ্রমিক, তাঁদের পরিবার এবং নির্ভরশীল জনপদগুলি যেন জীবিকা হারিয়ে বিপন্ন না হয়, তা নিশ্চিত করাও সমান জরুরি। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলির সাশ্রয়ী বিদ্যুৎ, শিল্পায়ন এবং দারিদ্র্য দূরীকরণের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। ভারত তাই জাস্ট ট্রাঞ্জিশনকে কেবল জ্বালানির উৎস পরিবর্তনের প্রশ্ন হিসেবে দেখছে না; এর সঙ্গে যুক্ত করছে জলবায়ু ন্যায়বিচার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং উন্নয়নের অধিকার।

সম্মেলনের প্রথম সপ্তাহে ব্রাজিল জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে উত্তরণের জন্য একটি রূপরেখা তুলে ধরেছে। নতুন জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করা এবং জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমানোর মতো প্রস্তাব এতে রয়েছে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও আলোচনায় এসেছে।

সম্মেলনের দ্বিতীয়দিনে ভারতের উদ্বোধনী বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিব নরেন্দ্র ভূষণ। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার লড়াই কেবল পরিবেশ রক্ষার লড়াই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারেরও লড়াই। উন্নত দেশগুলিকে তাদের ঐতিহাসিক দায়বদ্ধতা অনুযায়ী এজন্য অর্থের যোগান এবং প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলির জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান এবং উন্নয়নের অধিকারও অক্ষুণ্ণ রাখতে হবে। তাই ভারত চায় এই সম্মেলনে একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক এবং উচ্চাকাঙ্ক্ষী চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা ও তার বাস্তবায়নের রূপরেখা নির্দিষ্ট হোক।

এবারের সম্মেলনের অন্যতম আলোচিত ঘটনা হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদলের অনুপস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নিয়ে পরপর দ্বিতীয় বছর রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে সরকারি প্রতিনিধিদল পাঠায়নি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে পুনরায় সরে আসার সিদ্ধান্ত এবং রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মূল কর্মসূচী অর্থাৎ ইউএনএফসিসি থেকেও সরে আসার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই অনুপস্থিতি আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ এবং ঐতিহাসিকভাবে বৃহৎ অর্থনীতির অধিকারী রাষ্ট্র হিসেবে আমেরিকার এই অবস্থান জলবায়ু সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষতঃ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাব্লিকান দলের আশানরূপ ফল না হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে এই বিষয়ে আমেরিকা সরকারের আগের জেদ এখনও বজায় রাখার চিত্রই ফুটে উঠছে।

তবে সরকারি প্রতিনিধিদল না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু আন্দোলন ও সেদেশের বিভিন্ন রাজ্য প্রশাসনের নেতৃত্বের একটি বড় অংশ, প্রায় ১২০ জন গুরুত্বপূর্ণ প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত। তাঁদের অনেকেরই বক্তব্য, হোয়াইট হাউসের নীতিগত অবস্থান সত্ত্বেও আমেরিকার বহু অঙ্গরাজ্য, শহর, বিজ্ঞানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের লক্ষ্য স্থানীয় স্তরের পরিচ্ছন্ন জ্বালানি, কর্মসংস্থান ও দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। ফলে আমেরিকার সরকারি অনুপস্থিতি একদিকে যেমন বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে শূন্যতা তৈরি করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জলবায়ু উদ্যোগের যে বিকল্প কণ্ঠস্বরও রয়েছে, সেটা এই আন্তর্জাতিক মঞ্চে সামনে চলে এসেছে।

সব মিলিয়ে কপ-৩১ এর প্রথম সপ্তাহে জলবায়ু অর্থায়ন, ন্যায্য উত্তরণ, জীবাশ্ম জ্বালানির বিকল্প এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্নগুলি নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে আলোচনা ও প্রস্তাবের পর্যায় থেকে অগ্রসর হয়ে কতটা কার্যকরী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, সেটাই এখন দেখার। আনতালিয়ার সম্মেলনের সাফল্য তাই নির্ভর করবে প্রতিশ্রুতির ভাষা কতটা বাস্তবিক ক্ষেত্রে অর্থের যোগান, প্রযুক্তি হস্তান্তর এবং মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় রূপান্তরিত হয় তার উপর।