মমতা শিবিরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিদ্রোহী শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন সেটা নিয়ে আইনি লড়াই এখনও অব্যাহত। আগের শুনানিতেই প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে সে বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন বিচারপতি। আর সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আরও প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। এই মামলায় বিধানসভার স্পিকারের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আর স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দ্বিচারিতা এবং স্বাভাবিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন করেন বিচারপতি।
এদিন এই মামলার শুনানির শুরুতেই বিচারপতি কৃষ্ণ রাও স্পিকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, গত ৯ মে যখন ৭৮ জন বিধায়ক বিরোধী দলনেতা পদের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তখন স্পিকার কেন আলাদা করে রেজোলিউশন চেয়েছিলেন? অথচ পরে ৫৭ জন বিধায়কের প্রস্তাবের ক্ষেত্রে কেন কোনও রেজোলিউশন চাওয়া হল না? আদালতে সওয়াল করতে গিয়ে রাজ্যের বিল্বদল ভট্টাচার্য তাঁর কাছে থাকা তথ্য পেশ করে জানান, মূলত নির্বাচিত বিধায়কদের নিয়েই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তিনি আদালতকে বোঝানোর চেষ্টা করেন, গত ১৫ মে তারিখের আগে স্পিকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করার ফলে সমস্ত প্রশাসনিক বা সাংবিধানিক সিদ্ধান্ত সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা সম্ভব ছিল না। স্পিকারের মতো সাংবিধানিক পদকে সম্পূর্ণ এড়িয়ে কখনও নতুন বিরোধী দলনেতা নির্বাচন করা আইনগতভাবে সম্ভবপর নয়।
অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, ১৫ মে স্পিকার নিজের দায়িত্বভার গ্রহণ করার পর ১৯ থেকে ২৪ মে তারিখের মধ্যে তিনি কলকাতার বাইরে সরকারি কাজে ছিলেন। গত ৬ মে তারিখের একটি সই করা রেজিলিউশন বা প্রস্তাব ১৯ মে স্পিকারের কাছে পাঠানো হয়েছিল এবং পরে বিরোধী পক্ষের পক্ষ থেকেও স্পিকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে পরে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়। এই কথা শুনে বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘৫৭ জনের মধ্যে কেউ তো পদাধিকারী ছিলেন না। অথচ যাঁরা পদাধিকারী ছিলেন, তাঁদের ক্ষেত্রেই রেজোলিউশন চাইলেন। আর কোনও রেজোলিউশন ছাড়াই ৫৭ জনের প্রস্তাব গ্রহণ করলেন?’ দুটি ক্ষেত্রে স্পিকারের দু’রকম সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন বিচারপতি। তাতে বেশ অস্বস্তিতে অ্যাডভোকেট জেনারেল।
তাছাড়া অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যার প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, ২৫ মে থেকে ১ জুন তারিখের দীর্ঘ সময় ধরে স্পিকার কেন সম্পূর্ণ চুপচাপ বসে রইলেন? হঠাৎ করে ৫৪ জন বিধায়ক তাঁর সামনে উপস্থিত হওয়ার পর তিনি কী কারণে ৭৮ জন বিধায়কের মতামতের ওপর কোনও গুরুত্ব না দিয়ে মাত্র ৫৬ জনের সমর্থনকেই গ্রহণ করলেন? স্পিকার কেন সব পক্ষের বক্তব্য শোনেননি সেটা নিয়েও তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি কৃষ্ণ রাও। স্পিকারের উদ্দেশে বিচারপতির তীক্ষ্ণ প্রশ্ন, ‘একটি রাজনৈতিক দলের সংবিধান যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু সব পক্ষের সঙ্গে কথা বলতে আপনাকে আটকাল কে? কোনও পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া হল কেন? আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে কী এমন ক্ষতি হতো?’ মঙ্গলবার আদালতের পরবর্তী শুনানি আছে।




