পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে তিনটি শিশু। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রবিবার পাঞ্জাবের ফিরোজপুর-ফাজিলকা জাতীয় সড়কে একটি পিকআপ গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ফাজিলকা জেলার কর্ণি খেরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা। তাঁদের গন্তব্য ছিল জালালাবাদ এলাকার তিওয়ানা গ্রাম। সেই সময় ফিরোজপুর-ফাজিলকা সড়কে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সঙ্গে তাঁদের টাভেরা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিক খবর অনুসারে, দুর্ঘটনায় এক মহিলা, এক পুরুষ এবং তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স আনুমানিক তিন বছর। ফাজিলকা সিভিল হাসপাতালের চিকিৎসক অমিত রাজ লাম্বা জানিয়েছেন, দুর্ঘটনার পর মোট ১৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পাঁচ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ১১ জনকে আহত হয়েছেন।
আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদকোট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অন্য আহতদের ফাজিলকা সিভিল হাসপাতালেই চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় আহত তিওয়ানা গ্রামের বাসিন্দা সন্দীপ সিং জানিয়েছেন, এত দ্রুত দুর্ঘটনাটি ঘটে যে প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে রাস্তার উপর মানুষজনকে পড়ে থাকতে দেখে দুর্ঘটনার ভায়বহতা বুঝতে পারেন। ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।




