• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

টানা দু’মাস গৃহবন্দি সোনম ওয়াংচুক, প্রশাসনের বিধিনিষেধে লাদাখে বাড়ছে উত্তেজনা

অন্যদিকে সোনম ওয়াংচুকের অভিযোগ, তাঁকে কার্যত ঘরে আটকে রাখা হয়েছে। তাঁর প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। লাদাখের মানুষ

টানা দু’মাস গৃহবন্দি সোনম ওয়াংচুক, প্রশাসনের বিধিনিষেধে লাদাখে বাড়ছে উত্তেজনা

Sonam Wangchuk Photo-SNS

লাদাখের মানুষদের দীর্ঘদিনের দাবি নিয়ে আন্দোলন করেছেন সোনম ওয়াংচুক। কিন্তু লাদাখে ‘হিল কাউন্সিল ইলেকশন’ ডিসেম্বর মাসে হওয়ার কথা। তার আগেই দু’মাসের  জন্য সোনম ওয়ংচুককে গৃহবন্দি করল প্রশাসন। বিশিষ্ট এই শিক্ষাবিদ এবং পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই ৬০ দিনে তিনি কোনও মিছিল, সমাবেশ অথবা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। লেহের অতিরিক্ত জেলাশাসকের দপ্তর থেকে এই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে লাদাখের রাজনৈতিক এবং সামাজিক আঙিনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে এই বিষয়ে সোনম ওয়াংচুক জানান, ডিসেম্বর মাসে প্রচণ্ড শীতে নির্বাচন হলে অনেক মানুষ নির্বাচন দিতে পারবে না। তাই নির্বাচনের সময় বদলের দাবি করেন তিনি। কিন্তু তাঁর কার্যকলাপের জন্য আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে বলেই সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। এই বিধিনিষেধ চলাকালীন তিনি কোনও প্রতিবাদ, মিছিল বা জনসভায় অংশ নিতে পারবেন না। আগামী ৪ ডিসেম্বর হওয়ার কথা লাদাখ হিল কাউন্সিলের নির্বাচন। সেটাকে ঘিরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন ওয়াংচুক। ওই কর্মসূচির মধ্যেই তাঁকে অবস্থানস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ৬০ দিনের জন্য গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিস্তারিত কারণ অথবা বিধিনিষেধের সুনির্দিষ্ট শর্ত সম্পর্কে কিছু জানানো হয়নি।

অন্যদিকে সোনম ওয়াংচুকের অভিযোগ, তাঁকে কার্যত ঘরে আটকে রাখা হয়েছে। তাঁর প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। লাদাখের মানুষ চাইছেন নিজেদের জমি, সংস্কৃতি, চাকরি এবং রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর সেই দাবিতে আন্দোলন করছেন সোনম ওয়াংচুক। একদিকে প্রশাসনের আইনশৃঙ্খলা বজায় রাখার যুক্তি অপরদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় থাকে এখন সেদিকেই নজর সকলের। এই ঘটনার দু’দিন আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক নিজেই তাঁকে গৃহবন্দি করে রাখার কথা জানিয়েছিলেন।

তাছাড়া লাদাখের স্বায়ত্তশাসন, সাংবিধানিক সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ওয়াংচুক। একই সঙ্গে হিমালয় অঞ্চলের পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার বিষয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ ও আন্দোলনের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে, লাদাখের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। সুতরাং তাঁর ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।