সরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬টি জাল চেকের মাধ্যমে ২ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি সরানোর অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক শাখা ম্যানেজারের বিরুদ্ধে। কলকাতার পোস্তা শাখার ম্যানেজার দিলীপ কুমারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করেছে জোড়াবাগান থানার পুলিশ। বিহার স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরানো হয়েছে বলে অভিযোগ।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের কলকাতা রিজিওনাল অফিসের চিফ ম্যানেজার বিপ্লব মুখোপাধ্যায় গত ১১ নভেম্বর জোড়াবাগান থানার ওসির কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাতেই পোস্তা শাখার ম্যানেজারের বিরুদ্ধে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।
ব্যাঙ্কের অভিযোগ, পটনার শাস্ত্রীনগর শাখায় বেলট্রন নামে পরিচিত সরকারি সংস্থাটির সেভিংস অ্যাকাউন্ট থেকে ২০২৬ সালের ৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৫৬টি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৭২ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা তোলা হয়েছে।
কিন্তু বেলট্রন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই লেনদেনগুলির কোনওটিই তাদের অনুমোদিত নয়। এমনকি টাকা তোলার জন্য ব্যবহৃত মূল চেকগুলিও তাদের কাছেই রয়েছে। কোনও চেক ইস্যু করা বা টাকা তোলার অনুমতি দেওয়ার কথাও অস্বীকার করেছে সংস্থাটি।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তে দিলীপ কুমারের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্কের দাবি, বিভিন্ন শাখার একাধিক গ্রাহকের নমুনা স্বাক্ষর, অব্যবহৃত চেকের তথ্য এবং অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণের মতো গোপনীয় তথ্য তাঁর নাগালে ছিল।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় দিলীপ কুমার স্বীকার করেন যে, ওই সংবেদনশীল তথ্য তিনি তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েছিলেন। সেই তথ্য ব্যবহার করেই জাল চেক তৈরি করে টাকা সরানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ ব্যাঙ্কের।
ব্যাঙ্কের আরও অভিযোগ, ন’টি পৃথক ব্যাঙ্কের বিভিন্ন শাখায় চেক জমা দিয়ে টাকা একাধিক সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই সংক্রান্ত চেকের প্রতিলিপি, অ্যাকাউন্টের বিবরণ, বেলট্রনের চিঠি এবং টাকা প্রাপকদের তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জোড়াবাগান থানার কাছে ব্যাঙ্কের আবেদন, ৫৬টি সন্দেহজনক লেনদেনের বিস্তারিত তদন্ত করে চেক জমা দেওয়া ব্যক্তি ও সুবিধাভোগীদের শনাক্ত করা হোক। পাশাপাশি প্রতারণার মাধ্যমে সরানো টাকা চিহ্নিত করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার ব্যবস্থাও করা হোক।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(৫), ৩১৮(৪), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) এবং ৬১(২) ধারায় এফআইআর দায়ের করেছে জোড়াবাগান থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।




