• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

‘রহস্যময়ী বিদেশিনি’ বলে সোনিয়াকে কটাক্ষ, গান্ধী পরিবারে অপমৃত্যু নিয়ে প্রশ্ন: বিতর্কিত পোস্টের জেরে বিপদে কঙ্গনা রানাউত

সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জের। শিমলার বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

‘রহস্যময়ী বিদেশিনি’ বলে সোনিয়াকে কটাক্ষ, গান্ধী পরিবারে অপমৃত্যু নিয়ে প্রশ্ন: বিতর্কিত পোস্টের জেরে বিপদে কঙ্গনা রানাউত

BJP MP Kangana Ranaut faces FIR over Sonia Gandhi remarks (Image: ANI)

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং গান্ধী পরিবারকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার বালুগঞ্জ থানায় এই মামলা রুজু করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ (Gaurav Singh) জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) তিনটি নির্দিষ্ট ধারায় হিমাচলের মান্ডি কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

কী অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশিত হওয়ার দিনই সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মেনকা গান্ধী এবং কিশোর বয়সের রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে একসঙ্গে খাবার টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে।

অভিযোগকারী অতুল শর্মার দাবি, ওই ভিডিওটি পোস্ট করে কঙ্গনা গান্ধী পরিবারের প্রয়াত সদস্য যেমন, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে অত্যন্ত স্পর্শকাতর ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময়ী বিদেশিনি’ (mysterious foreign national) বলে অভিহিত করা হয়েছে এবং বিদেশের এক ক্যাফেতে তাঁর সঙ্গে রাজীব গান্ধীর পরিচয়ের পর একের পর এক সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মেনকা গান্ধীকে পারিবারিক বাসভবন ছাড়তে হয়েছিল বলেও কটাক্ষ করা হয় ওই পোস্টে।

তদন্তের দাবি?

অভিযোগকারী অতুল শর্মা হিমাচল প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) অশোক তেওয়ারিকে ই-মেল মারফত অভিযোগ জানিয়ে অবিলম্বে আইনি পদক্ষেপ এবং সময়সীমা বেঁধে সাইবার-ফরেন্সিক তদন্তের দাবি জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, কঙ্গনার মন্তব্য সাধারণ রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে গিয়েছে এবং এর জেরে সমাজে বিদ্বেষ ও অশান্তি ছড়াতে পারে।

সেই অভিযোগ খতিয়ে দেখে শিমলা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ডিজিটাল তথ্যপ্রমাণ সংরক্ষণ এবং পোস্টটির সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।

কঙ্গনার অবস্থান

এই ঘটনাকে কেন্দ্র করে হিমাচল প্রদেশের রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা তথা কংগ্রেস নেতা নরেশ চৌহানের (Naresh Chauhan) মতে, কারও ব্যক্তিগত জীবন ও সংগ্রামের ইতিহাস না জেনে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী। বর্ষীয়ান নেতাদের সরিয়ে বিজেপি কেন মান্ডির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন তারকাকে প্রার্থী করেছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অন্য দিকে, পুলিশের এই এফআইআর এবং অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বা দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।