প্রায় দু’বছর আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে ভারতে চলে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তবে তাঁর প্রত্যাবর্তন ঘইরে নতুন করে কূটনৈতিক তৎপরতার খবর সামনে এসেছে। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে তারেক রহমানের সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। ঢাকার সামনে দু’টি শর্ত রেখেছে ভারত। হাসিনার নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতেই এই শর্ত বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
যদিও হাসিনার দেশে ফেরা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। বাংলাদেশ সরকারের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে উদ্যোগী হলেও তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সে কারণেই ঢাকার কাছে দু’টি শর্ত রেখেছে নয়াদিল্লি। প্রথমত, যে ভাবে বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধবিমানে চেপে হাসিনা ভারতে এসেছিলেন, সে ভাবেই তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে ফিরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। পাশাপাশি জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় নতুন করে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
এই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেছেন, হাসিনাকে আশ্রয় দিতে একের পর এক দেশ অনিচ্ছা প্রকাশ করেছে।
আরও পড়ুন: হাসিনার পাসপোর্টের আবেদন খারিজের পরেই স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক!
ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফিনল্যান্ড, আমেরিকা, বেলারুস এবং কাতার-সহ একাধিক দেশের নাম উল্লেখ করে তিনি লেখেন, হাসিনারর জন্য বিভিন্ন দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তাঁর আরও দাবি, আওয়ামী লীগ কর্মীদের রক্তের উপর ভর করেই বাংলাদেশে ফিরতে চাইছেন হাসিনা। যদিও ভারত তাঁর প্রত্যাবর্তন নিয়ে কোনও শর্ত দিয়েছে কি না, সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করেননি নাজমুল।
এরই মধ্যে গত ৯ নভেম্বর বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছিলেন হাসিনা। আরেক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার তাঁর এক আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে আবেদন সংক্রান্ত চিঠি জমা দেন। পাসপোর্টের পাশাপাশি পরিচয়পত্রের জন্যও আবেদন করা হয়েছে। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম নিজের দেশের সরকারেরর সঙ্গে সরকারিভাবে যোগযোগ করেছেন হাসিনা।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কেন উদ্যোগী দিল্লি?
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছেষ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির সম্মতি রয়েছে বলেই তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন। ২০২৪ সালে ছাত্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশেরর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। হাসিনার ভারতে অবস্থান সেই অস্বস্তির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে ভারতীয় পর্যবেক্ষকদের মত উদ্ধৃত করে বলা হয়েছে, হাসিনা অন্য কোনও দেশে চলে গেলে ভারতের পক্ষে পরিস্থিতি অনেকটাই সহজ হত। কিন্তু সেই রকম কোনও সম্ভাবনাই তৈরি হয়নি। এই পরিস্থিতিতে হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনকেই আপাতত বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছে ভারত। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি জড়িয়ে রয়েছে বলে প্রতিবেদন দাবি করা হয়েছে।
কী কী শর্ত দিয়েছে ভারত?
প্রতিবেদন অনুযায়ী, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার সামনে দু’টি শর্ত রেখেছে নয়াদিল্লি। প্রথম শর্ত, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সে দেশের সেনাবাহিনীর বিমান পাঠাতে হবে। যে ভাবে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধবিমানে চেপে ভারতে এসেছিলেন, ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ঢাকা থেকে বিমান পাঠানো যেতে পারে অথবা স্থলপথে সীমান্ত থেকে তাঁকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
দ্বিতীয় শর্ত, বাংলাদেশে ফিরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে হাসিনাকে। পাশাপাশি জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় নতুন করে সুষ্ঠু বিচারপ্রক্রিয়া সুযোগ দিতে হবে। এই দু’টি শর্ত নিয়ে গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে প্রতিবেদন দাবি করা হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেবে না বাংলাদেশ, জানাল তারেক রহমানের সরকার
হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনার ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?
প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। হাসিনার দেশের ফেরার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ এবং সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী অক্টোবরের প্রথম সপ্তাহে আকস্মিকভাবে দিল্লি আসেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের সঙ্গেও দেখা করেন। সেনাপ্রধানদের সঙ্গে দেখা করা আগের থেকে ঠিক করা ছিল না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনা এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ কোনও পরিস্থিতি তৈরি না হলে বাংলাদেশের হাই কমিশনারের সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন না। ওই সাক্ষাতের পিছনে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা ছিল বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
হাসিনা না ফিরলে কী হবে?
এত কূটনৈতিক তৎপরতার পরেও ডিসেম্বররে মধ্যে হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সাউথ ব্লকের এক আধিকারিক জানিয়েছেন, শেষ পর্যন্ত হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না হলেও ভারতের বিশেষ কিছু হারানোর নেই।
ওই আধিকারিকের বক্তব্য, ভারত তখন বলতে পারবে যে শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের সরকার নানা অজুহাতে সেই প্রত্যাবর্তনের পথে বাধা তৈরি করেছে। তবে ভারতের শর্তের বিষয়ে দুই দেশের কোনও সরকারই এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দেখুন:




