• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

বাতিল হতে পারে আরএসি টিকিট! আর ভাগ করতে হবে না আসন, কী জানাচ্ছে রেল?

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পেশ করা কমিটির ৩৬তম রিপোর্টে বলা হয়েছে, চার্ট তৈরির পরেও যাঁরা আরএসি অবস্থায় থেকে যান, তাঁদের সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা পুনর্বিবেচনা করা উচিত। এমন যাত্রীদের আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা চালুর সুপারিশও করেছে কমিটি।

বাতিল হতে পারে আরএসি টিকিট! আর ভাগ করতে হবে না আসন, কী জানাচ্ছে রেল?

File Photo

ভারতীয় রেলের কয়েক দশকের পুরনো আরএসি (রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন) ব্যবস্থা কি উঠে যেতে চলেছে? এমনটাই হতে পারে বলে জানা যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও টিকিটের ভাড়া নিয়ে প্রশ্ন ওঠায় এই ব্যবস্থা পুনর্বিবেচনা করছে রেল। তবে এখনও পর্যন্ত আরএসি তুলে দেওয়ার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রেল মন্ত্রক।

১৯৮০-র দশকে চালু হওয়া আরএসি ব্যবস্থায় সম্পূর্ণ বার্থ খালি না থাকলেও যাত্রীরা ট্রেনে ওঠার অনুমতি পান। এই ব্যবস্থায় সাধারণত ২ জন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ দেওয়া হয়। দিনের বেলায় সেটি বসার আসন হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু রাতের বেলা ২ জন যাত্রীকে একই বার্থের মধ্যে ঘুমোনোর জন্য জায়গা ভাগ করে নিতে হয়। অথচ দুজনকেই সম্পূর্ণ টিকিটের ভাড়া দিতে হয়।

এই ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে ঘুমোনোর জায়গা ভাগ করে নেওয়া যথেষ্ট অস্বস্তিকর। একই বার্থে ২ জন মহিলা-পুরুষ যাত্রীকে বরাদ্দ করার ক্ষেত্রেও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সম্প্রতি সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-ও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পেশ করা কমিটির ৩৬তম রিপোর্টে বলা হয়েছে, চার্ট তৈরির পরেও যাঁরা আরএসি অবস্থায় থেকে যান, তাঁদের সম্পূর্ণ ভাড়া নেওয়ার যৌক্তিকতা পুনর্বিবেচনা করা উচিত। এমন যাত্রীদের আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা চালুর সুপারিশও করেছে কমিটি।

রেলের নিয়ম অনুযায়ী, আরএসি টিকিটধারীরা সংরক্ষিত বসার জায়গা পান। কোনও যাত্রীর টিকিট বাতিল হলে বা যাত্রার সময়ে বার্থ খালি হলে সেই আসন আরএসি যাত্রীকে দেওয়া হতে পারে। আবার চার্ট তৈরির আগে বা ট্রেন চলাকালীন কোনও বার্থ খালি হলে আরএসি যাত্রীর টিকিট কনফার্ম হতে পারে। এটাই আরএসি ও ওয়েটিং লিস্টের মধ্যে বড় পার্থক্য। আরএসি যাত্রীরা ট্রেনে ওঠার অনুমতি পান এবং সংরক্ষিত বসার জায়গাও পান।

আরও পড়ুন: দিল্লিতে ফের দূষণের দাপট, ৩৭৩-এ পৌঁছল একিউআই, বৃষ্টির আশায় রাজধানী

তবে এখনই আরএসি ব্যবস্থা উঠে যাচ্ছে, এমনটা নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। রেল মন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মই কার্যকর থাকবে।