• facebook
  • twitter
  • youtube
Friday, 13 November, 2026

জাকির নায়েকের সংস্থা আইআরএফের উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল কেন্দ্র

জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল কেন্দ্রীয় সরকার।

জাকির নায়েকের সংস্থা আইআরএফের উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল কেন্দ্র

জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে ফের সংস্থাটিকে ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের দাবি, আইআরএফ-এর কার্যকলাপ দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর পক্ষে বিপজ্জনক। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি সমাজমাধ্যমের পাতায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ। মন্ত্রকের অভিযোগ, জাকির নায়েকের নেতৃত্বাধীন সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং সন্ত্রাসবাদে মদত দেওয়ার কাজে যুক্ত। সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ প্রচার, হিংসায় উস্কানি এবং পলাতক জঙ্গিদের ফের সংগঠিত করার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে সংস্থাটির বিরুদ্ধে।

১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন জাকির নায়েক। পরবর্তীকালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান তিনি। বর্তমানে সেখানেই বসবাস করছেন। ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলির অভিযোগ, তাঁর বক্তব্য ও প্রচারের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

আগেও দু’বার নিষেধাজ্ঞা বাড়িয়েছে কেন্দ্র

২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবার আইআরএফ-কে বেআইনি সংগঠন ঘোষণা করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল কেন্দ্র। ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। পুরনো নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন বিজ্ঞপ্তি জারি করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রক।

বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে কেন্দ্র?

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি গেজেটে প্রকাশের দিন থেকে পরবর্তী পাঁচ বছর আইআরএফ বেআইনি সংগঠন হিসেবে বিবেচিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, সংগঠনের সদস্যরা এবং বিশেষ করে প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আব্দুল করিম নায়েক ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুগামীদের উৎসাহিত করছেন। তাঁর বক্তব্য ও ভাষণকে আপত্তিকর এবং নাশকতামূলক বলেও উল্লেখ করেছে কেন্দ্র।

মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক উপগ্রহ টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের সাহায্যে জাকির নায়েকের বক্তব্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ দিতে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ।

কেন্দ্রের আশঙ্কা, আইআরএফ-এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি ফের নাশকতামূলক কাজ চালানোর সুযোগ পাবে। পলাতক সদস্যদের পুনরায় একত্রিত করা, সাম্প্রদায়িক অশান্তি তৈরি, বিচ্ছিন্নতাবাদে মদত এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করার আশঙ্কার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, আইআরএফ-কে বেআইনি সংগঠন ঘোষণা করার সিদ্ধান্তের যথার্থতা খতিয়ে দেখতে ইউএপিএ আইনের ৫ নম্বর ধারায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ ট্রাইব্যুনাল তাদের নির্দেশে কেন্দ্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রেখেছিল। এবার তৃতীয়বারের জন্য সংস্থাটির উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কেন্দ্র।