• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

ছটের পুণ্যার্থীদের পুজোর সামগ্রী দেবেন মুখ্যমন্ত্রী, ভাটপাড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তাছাড়া এবার ছটপুজো নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রীতিমতো উৎসবের মেজাজ দেখা দিয়েছে। প্রত্যেকটি গঙ্গার ঘাট মেরামত করা হয়েছে

ছটের পুণ্যার্থীদের পুজোর সামগ্রী দেবেন মুখ্যমন্ত্রী, ভাটপাড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari (ANI)

ছটপুজোর আগে বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকারের আমলে তুষ্টিকরণ এবং বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, ছট পুজোর সামগ্রী পুণ্যার্থীদের হাতে তুলে দিতে এবার ভাটপাড়ায় যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ভাটপাড়ায সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন সন্ধ্যায় জগদ্দলের জালেবি মাঠে ছটের ব্রতীদের সমাবেশের আয়োজন করা হয়েছে। যার অন্যতম উদ্যোক্তা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। ছটপুজোও যাতে পশ্চিমবঙ্গে ভাল করে হয় তার জন্যই এই উদ্যোগ। তাই শহর এবং গ্রামবাংলাকে ফোকাস করা হয়েছে।

এদিকে ভাটপাড়ায় বহু বিহার থেকে আসা মানুষজন বসবাস করেন। কর্মসূত্রে তাঁরা এখানে থেকে গিয়েছেন। বিশেষ করে এই ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর এলাকাগুলি চটকল অধ্যুষিত। এই চটকলগুলিতে বহু বিহারের বাসিন্দা কাজ করে থাকেন। আর ছটপুজো পালন করেন নির্দিষ্ট তিথিতে। তাই তাঁদের পুজোতেও অংশ নিতে চান মুখ্যমন্ত্রী। সেই জন্যই এখানে এসে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চান মুখ্যমন্ত্রী। এখানে ১৫ হাজার ছটব্রতীকে ছটপুজোর সামগ্রী তুলে দেওয়া হবে। মাঠ পরিষ্কার করে মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম ভাটপাড়া-জগদ্দল এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই অনুষ্ঠান সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বিজেপি নেতারা। গোটা ব্যবস্থার দায়িত্বে আছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নেতা তথা শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

অন্যদিকে ছটপুজো শেষ হলেই শুরু হবে জগদ্ধাত্রী পুজো। এবার চন্দননগরেও যাবেন মুখ্যমন্ত্রী। তবে ছটপুজো উপলক্ষ্যে পুজোর সামগ্রী দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। মুখ্যমন্ত্রী ভাটপাড়ায় আসবেন বলে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন পুলিশ কমিশনার অমিত কুমার সিং। বৃহস্পতিবার বড়মার বিসর্জনের পরই পুলিশকর্তারা মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দেবেন বলে সূত্রের খবর। ব্যারিকেড করা থেকে শুরু করে কোথায় কত পুলিশ মোতায়েন থাকবে তার একটা খসড়া তৈরি হয়ে যাবে। সেই মতো শুক্রবার কাজ করবেন পুলিশ কর্তারা।

তাছাড়া এবার ছটপুজো নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রীতিমতো উৎসবের মেজাজ দেখা দিয়েছে। প্রত্যেকটি গঙ্গার ঘাট মেরামত করা হয়েছে। গঙ্গার পাড়ে নতুন করে বসানো হয়েছে আলো। অনেকেই দণ্ডী কাটেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অর্জুন সিং। এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, ‘অবাঙালিদের কাছে ছট একটি বড় উৎসব। বহু মানুষ অংশগ্রহণ করেন। সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যই মুখ্যমন্ত্রী আসছেন। তিনি ১০ জনের হাতে ছট সামগ্রী তুলে দেবেন। মঞ্চ থেকে মোট ১৫ হাজার ছটব্রতীকে পুজোর সামগ্রী দেওয়া হবে।’