• facebook
  • twitter
  • youtube
Thursday, 12 November, 2026

বাংলাদেশে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও অনিশ্চয়তায় পড়ুয়া, রিপোর্ট তলব হাইকোর্টের

বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট নির্দেশ দেন, এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালকে এই মামলায় পক্ষ করা যাবে না। মামলাকারীর আইনজীবীকে ট্রাইব্যুনালের নাম বাদ দিয়ে তার পরিবর্তে রাজ্য সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি।

বাংলাদেশে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও অনিশ্চয়তায় পড়ুয়া, রিপোর্ট তলব হাইকোর্টের

Calcutta High Court Photo-SNS

এসআইআর-এর ভোটার তালিকা থেকে মায়ের নাম বাদ পড়েছে। আর সেই কারণেই পাসপোর্ট তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এক পড়ুয়াকে। বাংলাদেশে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেও পাসপোর্ট না মেলায় তাঁর বিদেশে পড়তে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই পড়ুয়া।

শুনানিতে মামলাকারীর বক্তব্য, ভোটার তালিকায় তাঁর নিজের নাম রয়েছে। তিনি ভোটও দিয়েছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাঁর মায়ের নাম বাদ পড়ায় পাসপোর্ট দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, পাসপোর্ট কর্তৃপক্ষের বক্তব্য, পাসপোর্ট ছাপানোর সময় মায়ের নাম উল্লেখ করা প্রয়োজন। কিন্তু এসআইআর-এর তালিকায় মায়ের নামই নেই। সে ক্ষেত্রে কীভাবে পাসপোর্ট তৈরি করা সম্ভব, সেই প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, আগে পুলিশকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হোক।

শুনানিতে মামলার পক্ষভুক্তদের নিয়েও আপত্তি জানায় আদালত। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট নির্দেশ দেন, এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালকে এই মামলায় পক্ষ করা যাবে না। মামলাকারীর আইনজীবীকে ট্রাইব্যুনালের নাম বাদ দিয়ে তার পরিবর্তে রাজ্য সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: ‘নেকড়েদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে’, নিরাপত্তা কমানোয় বিস্ফোরক সওয়াল অভিষেকের!

এর পাশাপাশি, পরবর্তী শুনানির দিন রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এখন রাজ্যের রিপোর্টে কী উঠে আসে, তার উপরই নির্ভর করছে মামলার পরবর্তী গতিপ্রকৃতি।