• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে কোন কোন ট্রেন?

১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত যাবে। দুর্ঘটনার পর ৬টি জায়গায় কন্ট্রোল রুম খুলেছেন রেল কর্তৃপক্ষ।

লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে কোন কোন ট্রেন?

Photo: Statesman

দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন-সহ অন্তত ৬টি কামরা লাইনচ্যুত হয়। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে কামরূপ জেলার দিগারু রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও বহু যাত্রী আহত হয়েছেন। তবে এর জেরে একাধিক ট্রেনের যাত্রাপথ বদলের পাশাপাশি বাতিলও করা হয়েছে।

দুর্ঘটনায় গোটা উত্তর-পূর্ব সীমান্ত রেলে ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে, গুয়াহাটি-হাইবরগাঁও ডিএমইউ ট্রেন। এ ছাড়াও নিউ আলিপুরদুয়ার জংশন-মরিয়ানি জংশনের মধ্যে চলা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই ট্রেন চলবে কামাখ্যা পর্যন্ত।

অন্যদিকে, ১২০৬৭ গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস পানবাড়ি পর্যন্ত চলবে। ১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত যাবে। দুর্ঘটনার পর ৬টি জায়গায় কন্ট্রোল রুম খুলেছেন রেল কর্তৃপক্ষ। কাটিহার, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং এবং বদরপুরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, হেল্প ডেস্ক খুলল রেল

শুধু তাই নয়, এর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলের তরফে পানীয় জল-সহ অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিবেক খারে-সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।