• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

‘চুপ কর, পাকিস্তানি!’ — ২০২৩-এর অ্যাশেজে লর্ডসে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, বিস্ফোরক অভিযোগ খোয়াজার

সেই ঘটনার পরেই পদক্ষেপ করেছিল এমসিসি। তিন সদস্যকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়। তদন্তের পরে এক জনকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। অন্য দু’জনকে যথাক্রমে সাড়ে চার বছর এবং আড়াই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

‘চুপ কর, পাকিস্তানি!’ — ২০২৩-এর অ্যাশেজে লর্ডসে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, বিস্ফোরক অভিযোগ খোয়াজার

Photo: X

লর্ডসের ঐতিহ্য, ক্রিকেটের আভিজাত্য এবং ভদ্র দর্শকের পরিচিতি—সব কিছুই প্রশ্নের মুখে পড়ল। ২০২৩-এর অ্যাশেজ সিরিজে লর্ডসের লং রুমে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজা।

তাঁর দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা যখন সাজঘরে ফিরছিলেন, তখন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সদস্য তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘চুপ কর, তুমি পাকিস্তানি!’

নিজের আত্মজীবনী ‘সবর’ (Sabr)-এ সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন খোয়াজা। ২০২৩ সালের অ্যাশেজের সেই বিতর্কিত দিনটির ঘটনা আগেই প্রকাশ্যে এলেও, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এ বারই সামনে আনলেন তিনি।

বেয়ারস্টোর আউট ঘিরে উত্তপ্ত লর্ডস

ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে। অস্ট্রেলীয় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির থ্রোয়ে বেয়ারস্টোর স্টাম্প ভেঙে যায়। বল ডেড হয়ে গিয়েছে ভেবে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন ইংরেজ ব্যাটার। কিন্তু অস্ট্রেলিয়া আবেদন করায় তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দেন।

সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লর্ডসের দর্শকেরা। অস্ট্রেলীয় ক্রিকেটারদের উদ্দেশে শুরু হয় বিদ্রুপ, কটূক্তি এবং দুয়ো। মধ্যাহ্নভোজের বিরতিতে সাজঘরে ফেরার সময় অস্ট্রেলীয় ক্রিকেটাররা লর্ডসের বিখ্যাত লং রুমের মধ্যে দিয়েই যাচ্ছিলেন। খোয়াজার দাবি, সেই সময়ই কয়েক জন এমসিসি সদস্য তাঁদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করতে থাকেন।

আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছিল এক দল কুকুর যেন তাদের পরবর্তী শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে। সবাই একসঙ্গে গালিগালাজ করছিল। অশ্রাব্য শব্দ ব্যবহার করছিল। কী শুনছি, বিশ্বাসই করতে পারছিলাম না।’

‘ এটা কি লর্ডস, না কি চিড়িয়াখানা?’

লং রুমের পরিবেশ দেখে বিস্মিত হয়েছিলেন খোয়াজা। তাঁর কথায়, ‘বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি সত্যিই লং রুম? বিশ্বের সবচেয়ে অভিজাত এবং সম্মানীয় ক্রিকেট ক্লাবের অংশ? যেখানে সদস্য হওয়ার জন্য ৩০ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়? নাকি আমরা এজবাস্টনের হলিস স্ট্যান্ডে চলে এসেছি? তবে হলিস স্ট্যান্ডের দর্শকদের অসম্মান করছি না। কারণ, ওখানেও আমাদের সঙ্গে কেউ এমন ব্যবহার করেনি।’

খোয়াজা জানিয়েছেন, এক সদস্য তাঁর কানের কাছে এসে চিৎকার করছিলেন। তাঁকে থামতে বলেন অস্ট্রেলীয় ব্যাটার। তার পরেই অন্য এক ব্যক্তির মুখে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শোনেন তিনি।

খোয়াজার বক্তব্য, ‘আমি প্রথম ব্যক্তিকে বলেছিলাম, আর এক বার আমার কানের কাছে চিৎকার করার সাহস দেখাবেন না। তার পরেই হাঁটতে হাঁটতে শুনলাম, অন্য কেউ বলছে, ‘চুপ কর, তুমি পাকিস্তানি!’ তখন আর নিজেকে সামলাতে পারিনি।’

তবে কে ওই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন, তা নিশ্চিত করে বলতে পারেননি খোয়াজা। তিনি জানিয়েছেন, যে ব্যক্তিকে প্রথমে তাঁর উদ্দেশ্যে চিৎকার করতে দেখেছিলেন, তাকেই অভিযুক্ত ভেবেছিলেন।

খোয়াজা লিখেছেন, ‘ঠিক কে এই কথা বলেছিল, আমি জানি না। এমসিসি কয়েক জনকে শাস্তি দিয়েছিল, এটুকু জানি। আমি শুধু প্রথম যে ব্যক্তিকে সামনে দেখেছিলাম, তাঁর মুখোমুখি হয়েছিলাম। তিনি তখনও চিৎকার করছিলেন, থুতু ছেটাচ্ছিলেন এবং আমার মুখের সামনে চেঁচাচ্ছিলেন। তাই আমার মনে হয়েছিল, তিনিই এই কাজ করেছেন। নিরাপত্তারক্ষীদের বলেছিলাম, এই লোকটিকে এখান থেকে বের করে দিন।’

তিন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমসিসি

সেই ঘটনার পরেই পদক্ষেপ করেছিল এমসিসি। তিন সদস্যকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়। তদন্তের পরে এক জনকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। অন্য দু’জনকে যথাক্রমে সাড়ে চার বছর এবং আড়াই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

ঘটনার সময় টেলিভিশনের ক্যামেরাতেও ধরা পড়েছিল খোয়াজার সঙ্গে এক এমসিসি সদস্যের উত্তপ্ত বাক্যবিনিময়। নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল। তবে সেই সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০২৩-এর সেই ঘটনা নিয়ে এত দিন পরে আত্মজীবনীতে লিখেছেন খোয়াজা। লর্ডসের মতো ঐতিহ্যবাহী ক্রিকেট মাঠে এমন আচরণের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল ক্রিকেটের তথাকথিত আভিজাত্য ও সৌজন্যবোধ নিয়ে।