টানা ক্ষমতায় থাকার পর অবশেষে ইজরায়েলে গদি হারাতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দেশের পরবর্তী সরকার গঠনের জন্য প্রাক্তন সেনাপ্রধান তথা যশর দলের নেতা গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনও শিবিরই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘ আলোচনার পর প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন, যা দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকা নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারে অন্যতম বড় ধাক্কা। ইজরায়েলের রাজনীতির সঙ্গে সম্পর্কিত অনেকেই বলছেন, নেতানিয়াহুর সামনে যে রাস্তা, তা ঊষর, রুক্ষ মরুভূমির মতো।
নেসেটের অঙ্ক
১২০ আসনের নেসেট বা ইজরায়েলি পার্লামেন্টে সরকার গড়তে প্রয়োজন অন্তত ৬১টি আসন। সদ্য সমাপ্ত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী জোট ৬৮ থেকে নেমে মাত্র ৫৩টি আসনে আটকে গিয়েছে। অন্যদিকে আইজেনকোটের চেঞ্জ ব্লক ৪৮টি আসন এবং আরব দলগুলি রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
אנו נמצאים בעת חירום. ישראל צריכה מנהיגות חדשה כאוויר לנשימה. אני משוכנע שניתן ונכון להקים ממשלת חירום ישראלית במהירות, על בסיס ארבעת העקרונות שהצבתי – ממשלה שזוכה לרוב גדול בכנסת🇮🇱 צפו בהצהרה המלאה שנשאתי במעמד קבלת המנדט מנשיא המדינה >> https://t.co/AMaWxRUet3
— Gadi Eisenkot – גדי איזנקוט (@gadi_eisenkot) November 8, 2026
সরকার গড়তে ৬৭ জন সাংসদ আইজেনকোটের নামের সুপারিশ করেছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে সওয়াল করেছেন মাত্র ৪৬ জন। তাৎপর্যপূর্ণভাবে নেতানিয়াহুর দীর্ঘদিনের জোটসঙ্গী অতি-কট্টরপন্থী ইউনাইটেড তোরাহ জুদাইজম দলের সাত জন সাংসদ এই প্রক্রিয়ায় নিজেদের নিরপেক্ষ রেখে নেতানিয়াহুর পাশ থেকে সরে দাঁড়িয়েছেন। আরব সাংসদদের সমর্থনই আইজেনকোটের পাল্লা ভারী করেছে।
আইজেনকোটের চার শর্ত
প্রেসিডেন্টের ডাক পেলেও সরকার গড়ার পথ আইজেনকোটের জন্য একেবারেই মসৃণ নয়। জোট সরকার চূড়ান্ত করতে তাঁর হাতে ২৮ দিন সময় রয়েছে। ইজরায়েল-হামাস সংঘাতের আবহে আরব সাংসদদের সমর্থনের ওপর ভরসা করে সরকার গড়া আইজেনকোটের নিজের জোটেরই অনেকের কাছে রাজনৈতিকভাবে অস্বস্তির। সরকার গড়ার ক্ষেত্রে আইজেনকোট মূলত চারটি কড়া শর্ত রেখেছেন। ইজরায়েলকে ইহুদি, গণতান্ত্রিক ও সমানাধিকারের রাষ্ট্র হিসেবে মান্যতা দেওয়া। স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ বজায় রাখা। দেশের সমস্ত নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক বা জাতীয় পরিষেবা নিশ্চিত করা। গাজায় হামাসকে সমূলে উৎখাত করা।
বিশেষ করে দেশের অতি-কট্টরপন্থী বা আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন ধরে চলে আসা সামরিক পরিষেবার ছাড় বাতিল করার পক্ষে কড়া অবস্থান নিয়েছেন আইজেনকোট, যা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা চলছে।
নেতানিয়াহুর মরিয়া প্রতিরোধ
বিপর্যয়ের মুখেও পরাজয় সহজে মেনে নিতে নারাজ নেতানিয়াহু। আরব দলগুলির সাহায্যে সরকার গড়ার চেষ্টাকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি এই জোটকে সন্ত্রাসবাদের সমর্থক বলে দাগিয়ে দিয়েছেন। নির্বাচন আরব দলগুলি চুরি করেছে বলে প্রমাণহীন দাবি তোলার পাশাপাশি তিনি আইজেনকোটকে জাতীয় ঐক্যমতের সরকার গড়ার প্রস্তাবও দিয়েছেন।
আইজেনকোট এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরব সাংসদদের খলনায়ক বানানো অনুচিত। পাশাপাশি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনও সরকারে যোগ দিতেও তিনি সরাসরি অস্বীকার করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইজেনকোট জোট গড়তে ব্যর্থ হলে ইজরায়েলকে ফের নতুন করে নির্বাচনের পথে হাঁটতে হতে পারে এবং সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই পদে থেকে যাবেন। যদিও তেমন পরিস্থিতির সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।




