কালীপুজোর মধ্যেই নির্মম ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের ভাতারে। আট বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। প্রতিবেশী রানা মণ্ডল নামে ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রায়গঞ্জে নাবালিকার ‘ধর্ষক’ এবং ‘খুনি’কে ‘এনকাউন্টারের’ দিনেই ভাতারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে এখন তুঙ্গে রাজ্য-রাজনীতি। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায় এখন এটাই চর্চিত বিষয়। পাড়ার মোড় থেকে চায়ের দোকানে জটলা করে এই ঘটনা নিয়েই আলোচনা চলছে।
পাড়ার কালীমন্দিরের সামনে থেকে আট বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই প্রতিবেশী যুবক বলে অভিযোগ। সোমবার দুপুরে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। নির্যাতিতা বালিকা এখন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা করে নিজের বক্তব্য পোস্ট করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি সরকারের আমলে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। কালীমন্দিরের সামনে অন্যান্য নাবালিকাদের সঙ্গে খেলাধুলো করছিল বালিকা। হঠাৎ সেখানে হাজির হয় ওই যুবক রানা মণ্ডল। নাবালিকাকে জোর করে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মাঠেই একটি গাছ থেকে বেলপাতা তুলতে যান পাড়ার এক প্রৌঢ়। তাঁর চিৎকারে এলাকার লোকজন জড়ো হন।
পড়শিরা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ বালিকাকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বালিকার দুঃসম্পর্কের দাদু বলেন, ‘ওই মাঠের মাঝে একটা বাগান আছে। সেখানে বেলপাতা পাড়তে গিয়ে আমার চোখে পড়ে বালিকার উপর রানা যৌন নির্যাতন চালাচ্ছে। ওই অবস্থায় আমি বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসি। শিশুটিকে উদ্ধার করে কালীমন্দিরের সামনে নিয়ে আসি। আরও লোকজন আসে। বালিকার বাড়িতে খবর দেওয়া হয়।’
তাছাড়া এই আট বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার ঠাকুমার কথায়, ‘পাড়ার একজনের নজরে না পড়লে ওই অমানুষটা আমাদের মেয়েটাকে মেরেই ফেলত। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ আর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে বিঁধে লেখেন, ‘একের পর এক ‘এনকাউন্টার’ রাজ্যে অথচ ধর্ষণের ঘটনা থামার কোনও নাম নেই। বিজেপির ঢাকঢোল পিটিয়ে প্রচার করা ‘এনকাউন্টার মডেল’ যত দিন যাচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে।’




