ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী জন আব্রাহাম (John Abraham)। তাঁর বিশ্বাস, দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ যে ভাবে বাড়ছে, তাতে খুব শীঘ্রই ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচগুলিতে গ্যালারি কানায় কানায় ভরে যাবে।
শুধু টিভি বা মোবাইলের পর্দা নয়, মাঠে বসেও ফুটবল দেখার জন্য ভিড় করবেন সমর্থকেরা। ভারতীয় ফুটবল যে বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, তা নিয়ে কোনও সংশয় নেই নর্থইস্ট ইউনাইটেডের মালিক তথা বলিউড অভিনেতার।
২০২৬-২৭ মরসুমের আইএসএলে (ISL) ডিজিটাল দর্শকসংখ্যার নজির দেখে এমনই মন্তব্য করেছেন জন। প্রতিযোগিতার প্রথম সপ্তাহে প্রথম পাঁচটি ম্যাচ সব মিলিয়ে ইউটিউবে ছ’কোটি ৫০ লক্ষ বার খেলা দেখেছেন ফুটবলপ্রেমীরা। মোট দর্শকসংখ্যা পাঁচ কোটি ২০ লক্ষ। এই পরিসংখ্যানই নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয় ফুটবলকে।
গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নর্থইস্ট ইউনাইটেডের ২-০ জয় গ্যালারিতে দেখতে হাজির ছিলেন জন (John Abraham)। সেখানে খেলা দেখার পর আইএসএলের (ISL) জনপ্রিয়তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলিউড তারকা (John Abraham) বলেন, ‘আমি সব ম্যাচই দেখছি। দারুণ মজা পাচ্ছি। ইউটিউবে দর্শকসংখ্যার রেকর্ড ভেঙে যাচ্ছে। এটাই প্রমাণ করে যে, ভারতীয়রা ফুটবলের জন্য তৈরি। আমরা ভারতীয় ফুটবলের জন্য প্রস্তুত। এই পরিস্থিতি দেখে আমি খুবই রোমাঞ্চিত’।
শুধু ডিজিটাল মাধ্যমে দর্শকসংখ্যা বাড়লেই অবশ্য সন্তুষ্ট নন জন। তাঁর আশা, অনলাইন দর্শকদের একটা বড় অংশ এক দিন স্টেডিয়ামে এসে খেলা দেখবেন। আইএসএলের প্রতিটি মাঠে সমর্থকদের উপস্থিতি বাড়বে বলেই মনে করছেন তিনি।
তাঁর (John Abraham) বক্তব্য, ‘এখন শুধু সময়ের অপেক্ষা। আমি ভবিষ্যদ্বাণী করেই বলছি, স্টেডিয়ামের গ্যালারি ভরে যাবে। গ্যালারিতে একটিও আসন খালি থাকবে না। এই প্রকল্পের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের প্রত্যেককে এর কৃতিত্ব দিতে হবে’।
ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন ধরেই যুক্ত জন। নর্থইস্ট ইউনাইটেডের মালিক হিসাবে দেশের ফুটবলের উন্নতি এবং জনপ্রিয়তা বৃদ্ধি প্রত্যক্ষ ভাবে দেখেছেন তিনি। ফলে আইএসএলের প্রথম সপ্তাহের এই দর্শকসংখ্যাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
আইএসএলের (ISL) নতুন মরসুমে ১৩টি দল অংশ নিচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি-সহ দেশের বিভিন্ন প্রান্তের ক্লাব খেলছে এই লিগে। ডিজিটাল মাধ্যমে ম্যাচ দেখার সুযোগ বাড়ায় অনেক নতুন দর্শকের কাছে পৌঁছচ্ছে ভারতীয় ফুটবল। তবে অনলাইনের দর্শখদের মাঠে টেনে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সে জন্য ফুটবলার ও রেফারিদের পারফরম্যান্সের মানবৃদ্ধি যেমন জরুরি, তেমনই গোটা ভারতের জাতীয় দলের পারফরম্যান্সেও উন্নতি প্রয়োজন। জনের ভবিষ্যদ্বাণী সত্যি হলে ভারতীয় ফুটবলের ছবিটা বদলে যেতে পারে। আইএসএলের গ্যালারিতে উপচে পড়া ভিড়, সমর্থকদের গর্জন এবং ক্লাব ফুটবলের নতুন উন্মাদনা— এই স্বপ্নই দেখছেন নর্থইস্ট ইউনাইটেডের মালিক। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারতীয় ফুটবলের সম্ভাবনা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।
দেখুন: টালা ট্যাঙ্কের পাইপ ফেটে জলমগ্ন উত্তর কলকাতা, স্থায়ী সমাধানে পাইপ বদলের দাবি বিজেপি বিধায়কের




