• facebook
  • twitter
  • youtube
Friday, 6 November, 2026

সন্দেশখালিতে সন্তানদের সামনেই বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সময় ওই গৃহবধূ এবং তাঁর দুই সন্তান চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। আর এসে

সন্দেশখালিতে সন্তানদের সামনেই বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ

Kader Molla Arrested File Photo

দুই সন্তানকে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন আদিবাসী গৃহবধূ। আর পথেই ওই আদিবাসী বধূকে সন্তানদের সামনেই শ্লীলতাহানি করা হল বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। তবে ওই বধূর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লাকে। শ্লীলতাহানির ঘটনা সামনে আসতেই ধৃতের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকার স্থানীয় মহিলারা। সন্দেশখালির ন্যাজাট ১ নম্বর পঞ্চায়েতের বাউনিয়া এলাকায় শুক্রবার এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যার সময় সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন ওই বধূ। তখন তাঁর পথ আটকে দেন কাদের মোল্লা। তারপরই আদিবাসী বধূর শ্লীলতাহানি করা হয়। আচমকা এই ঘটনায় হকচকিয়ে যান তিনি। তারপরই আদিবাসী বধূর অভিযোগ, ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে পিছন দিক থেকে তাঁকে জাপটে ধরে ওই অভিযুক্ত কাদের মোল্লা। জোর জবরদস্তি করে শাড়ি এবং অন্তর্বাস ছিঁড়ে দেয়। তাঁকে রাস্তার পাশে ফেলে ধর্ষণেরও চেষ্টা করে কাদের। এই ঘটনার পরেই ন্যাজাট থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা আদিবাসী বধূ। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত এই কাদের মোল্লা। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে ম্যারাথন জেরা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সময় ওই গৃহবধূ এবং তাঁর দুই সন্তান চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। আর এসে দেখেন বধূর শাড়ি এবং অন্তর্বাস ছিঁড়ে দিয়েছে কাদের। এমনকী ওই বধূকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার আগেই অভিযুক্ত কাদের মোল্লা সেখান থেকে চম্পট দেয়। পালানোর সময় ধারাল অস্ত্র দেখিয়ে ওই গৃহবধূকে খুনের হুমকি দেয়। এই পরিস্থিতিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে ওই বধূকে উদ্ধার করেন। আর সরাসরি তাঁকে নিয়েই ন্যাজাট থানায় পৌঁছে যান। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা বধূ। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত কাদের মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

তাছাড়া আদিবাসী অভিযোগ পেতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। অভিযুক্ত কাদের মোল্লাকে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। অতীতে একাধিকবার নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগ সংবাদের শিরোনামে এসেছিল সন্দেশখালিতে। অভিযুক্ত কাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।