• facebook
  • twitter
  • youtube
Wednesday, 4 November, 2026

ব্লাডব্যাঙ্কের হিমঘরেও সাইবার হানা, ফ্রান্সে প্লাজমা সংরক্ষণের তাপমাত্রা ১১০ ডিগ্রি করার অভিযোগ

তবে ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাস্তবে হিমঘরে তৈরি হয়নি। বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্রে ওই মান নির্ধারণ করে দিয়েছিল হ্যাকাররা। সংরক্ষিত প্লাজমার প্রকৃত তাপমাত্রা কতটা বেড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কতগুলি ইউনিট আক্রান্ত হয়েছে বা কতক্ষণ এই পরিস্থিতি চলেছিল, তাও স্পষ্ট নয়।

ব্লাডব্যাঙ্কের হিমঘরেও সাইবার হানা, ফ্রান্সে প্লাজমা সংরক্ষণের তাপমাত্রা ১১০ ডিগ্রি করার অভিযোগ

Image: IANS

সুপারমার্কেটের হিমঘরের পর এবার হ্যাকারদের নিশানা থেকে বাদ থাকল না ব্লাডব্যাঙ্কও। ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহকারী সংস্থা বা ইএফএস কোল্ড স্টোরেজ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে ফ্রিজার বা হিমঘরের তাপমাত্রা বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষিত রক্তের প্লাজমা রাখার যন্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঢুকে তাপমাত্রার নির্ধারিত মান বাড়িয়ে ১১০ ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয় বলে খবর। ঘটনায় জীবনদায়ী প্লাজমার সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘লে কানার আঁশেনে’-র প্রতিবেদন অনুযায়ী, গত ১ ও ২ নভেম্বরের মধ্যে রাতে ফ্রান্সের জাতীয় রক্ত সংস্থা ইএফএসের হিমঘর বা ফ্রিজার দেখভালের দায়িত্বে থাকা সংস্থা কুলওয়ার্ল্ডের ব্যবস্থায় এই হামলা চালানো হয়। বুরগুন্দি-ফ্রঁশ-কঁতে অঞ্চলের একাধিক সংরক্ষণ কেন্দ্র আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে রক্তদাতাদের নমুনা আক্রান্ত হওয়ার কথা জানা গেলেও পরে ইএফএস জানায়, রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য সংরক্ষিত জন্য রাখা প্লাজমাও ওই কেন্দ্রগুলিতে সংরক্ষিত ছিল।

রাতের দায়িত্বে থাকা এক প্রযুক্তিবিদের নজরে আসে তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালগুলিতে রক্ত সরবরাহ বা রক্ত সঞ্চালন পরিষেবাও ব্যাহত হয়নি। এখনও পর্যন্ত প্লাজমা নষ্ট হওয়া কিংবা কোনও রোগীর ক্ষতির খবর মেলেনি।

তবে ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাস্তবে হিমঘরে তৈরি হয়নি। বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্রে ওই মান নির্ধারণ করে দিয়েছিল হ্যাকাররা। সংরক্ষিত প্লাজমার প্রকৃত তাপমাত্রা কতটা বেড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কতগুলি ইউনিট আক্রান্ত হয়েছে বা কতক্ষণ এই পরিস্থিতি চলেছিল, তাও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এর আগে ইউরোপের অন্তত ১১টি দেশে সুপারমার্কেটের ফ্রিজার বা হিমঘর ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলার অভিযোগ উঠেছিল। ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটের হিমঘরের তাপমাত্রা বদলে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য নষ্ট হয়েছিল বলেও খবর। এবার সেই হামলার ধরনই ব্লাডব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিকাঠামোয় ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে ফের অশান্তি, সংঘর্ষে শ্রমিকের মৃত্যু, আহত পুলিশ-সাংবাদিক  

এই হামলার নেপথ্যে কারা, তা এখনও জানা যায়নি। কোনও হ্যাকিং গোষ্ঠী দায় স্বীকার করেনি। এমনকী মুক্তিপণ চাওয়ার খবরও মেলেনি। তবে এই ঘটনা দেখিয়ে দিয়েছে, সাইবার হামলার লক্ষ্য এখন শুধু ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন নয়। সরাসরি জীবনদায়ী চিকিৎসা পরিষেবার পরিকাঠামোও।