• facebook
  • twitter
  • youtube
Monday, 2 November, 2026

বাসের ভাড়া কি বাড়তে চলেছে শহরে? পরিবহণমন্ত্রীকে চিঠি দিল বাস মালিক সংগঠন

তাছাড়া জেলার ক্ষেত্রেও বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। জেলায় সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি

বাসের ভাড়া কি বাড়তে চলেছে শহরে? পরিবহণমন্ত্রীকে চিঠি দিল বাস মালিক সংগঠন

Private Buses Fare Hike Photo-SNS

রাজ্যে গণপরিবহণের ভাড়াবৃদ্ধির দাবি বহুদিনের। কিন্তু ভাড়া বাড়লে তো সাধারণ মানুষের উপর চাপ পড়বে। এবার ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে সরব হলেন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা। বাস মালিকদের দাবি, ২০১৮ সালের পর রাজ্যে আর সরকারিভাবে বাস ভাড়া বাড়েনি। তাই লোকসানের মুখে পড়তে হচ্ছে। পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু বাস ভাড়া বাড়ছে না। এই ‘কঠিন পরিস্থিতি’ কাটাতে ভাড়া পুনর্নির্ধারণের আর্জি জানিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ব্যাপক হারে বেড়েছে। সুতরাং বাস ভাড়া না বাড়ালে টিকে থাকা মুশকিল। তাই অবিলম্বে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিক রাজ্য সরকার। করোনাভাইরাসের মতো পরিস্থিতি কাটাতে হয়েছে। তারপরও বাড়েনি বাস ভাড়া। গত আট বছরে রাজ্যের আর্থিক পরিস্থিতির ব্যাপক বদল ঘটেছে। তাই বাস চালানো নিয়ে খরচের চাপে পড়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতায় সাধারণ বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে। বাস মালিক সংগঠনের এই চিঠি পেয়ে নতুন করে ভাবার কথা হয়েছে পরিবহণমন্ত্রীর সঙ্গে সচিবের। তবে এই ভাড়া যদি শহরে হয় তাহলে তা সাধারণ মানুষের উপর বিরাট চাপ পড়ে যাবে।

বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ৯ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি পরিবহণ দপ্তরে জমা করা হয়েছিল। তখন পরিবহণমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দুর্গাপুজোর পরই ভাড়া সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এবার সেই আশ্বাসের কথা মনে করিয়ে দিয়েই আবার নতুন প্রস্তাব জানানো হল। ভাড়ার একটি খসড়ায় উল্লেখ করা হয়েছে, কলকাতায় সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা করা হোক। ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলিমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তাছাড়া জেলার ক্ষেত্রেও বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। জেলায় সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া দাবি করা হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলিমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রত্যেক কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ এবং দার্জিলিংয়ের মতো পাহাড়ি এবং জেলাভিত্তিক এলাকার মিনিবাসের ভাড়াও দ্রুত পুনর্বিন্যাস করার দাবি জানানো হয়েছে।