• facebook
  • twitter
  • youtube
Saturday, 31 October, 2026

গোপন বৈঠকেও কাটল না জট! চন্দ্রশেখরনের সঙ্গে মুখোমুখি নোয়েল টাটা, টাটা গোষ্ঠীতে সংঘাত অব্যাহত

রতন টাটার প্রয়াণের পর থেকেই টাটা পরিবারে অশান্তির আঁচ। টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে এবার প্রকাশ্যে

গোপন বৈঠকেও কাটল না জট! চন্দ্রশেখরনের সঙ্গে মুখোমুখি নোয়েল টাটা, টাটা গোষ্ঠীতে সংঘাত অব্যাহত

রতন টাটার প্রয়াণের পর থেকেই টাটা পরিবারে অশান্তির আঁচ। টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে এবার প্রকাশ্যে এসেছে টাটা ট্রাস্টের সঙ্গে মতবিরোধ। পুনর্নিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন টাটা ট্রাস্টের অন্যতম ট্রাস্টি নোয়েল টাটা। দুই শিবিরের এই সংঘাতের আবহেই সামনে এল নোয়েল টাটা ও এন চন্দ্রশেখরনের গোপন বৈঠকের খবর।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টাটা গোষ্ঠীর অন্দরে নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া বিরোধ মেটাতে গত ২৫ অক্টোবর মুখোমুখি হয়েছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা। সূত্রের খবর, টাটা গোষ্ঠীর প্রাক্তন কর্তা এন এ সুনাওয়ালার উদ্যোগেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সংস্থার অন্দরের টানাপোড়েন সামাল দেওয়া এবং নেতৃত্ব নিয়ে জট কাটানোই ছিল আলোচনার মূল উদ্দেশ্য।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম ছিল টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তির বিষয়টি। পাশাপাশি, টাটা সংস্থায় সাপুরজি-পালোনজি গোষ্ঠীর অংশীদারিত্ব কিনে নেওয়া এবং চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরনের মেয়াদ নিয়েও কথা হয়। তবে এত গুরুত্বপূর্ণ বৈঠক সত্ত্বেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি বলেই খবর। অর্থাৎ মুখোমুখি বসেও নিজেদের মতবিরোধ মেটাতে পারেননি নোয়েল টাটা ও চন্দ্রশেখরন।

এর পরেই ২৬ অক্টোবর একটি চিঠি লিখে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন নোয়েল টাটা। পুনর্নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবং কীভাবে ভোটাভুটি হয়েছে, তা নিয়ে আপত্তি জানান তিনি। শুধু তাই নয়, বোর্ড বৈঠকের রেকর্ডিং, আলোচনার সারসংক্ষেপ এবং ভোটাভুটির নথিও চেয়ে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে টাটা সন্সের শীর্ষ নেতৃত্ব নিয়ে সংঘাত যে এখনও মেটেনি, তা স্পষ্ট।

এদিকে, আগামী ১২ নভেম্বর টাটা গোষ্ঠীর ছয়টি সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াতে চলেছেন নোয়েল টাটা। গোষ্ঠীর নিয়ম অনুযায়ী, কোনও নন-এগজিকিউটিভ ডিরেক্টরের বয়স ৭০ বছর হলে তাঁকে সংশ্লিষ্ট পদ ছাড়তে হয়। সেই নিয়ম মেনেই এই সিদ্ধান্ত। তবে টাটা সন্সের বোর্ডে নমিনি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা ইন্টারন্যাশনাল, ট্রেন্ট হাইপারমার্কেট প্রাইভেট লিমিটেড এবং দুবাইয়ের টাটা ইন্টারন্যাশনাল ওয়েস্ট এশিয়া ডিএমসিসি-র নন-এগজিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন নোয়েল। ফলে ছয় সংস্থার বোর্ড থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের মধ্যেই টাটা গোষ্ঠীর অন্দরের ক্ষমতার সমীকরণ কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর শিল্পমহলের।