বেপরোয়া গতির জেরে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মহানগরীতে। শনিবার সকালে মা উড়ালপুলে ঘটে গেল বড় পথ দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে একটি গাড়ি ডিভাইডার পেরিয়ে গিয়ে অপরদিকের লেনে চলে যায় বলে অভিযোগ। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে চারজন। শনিবার সকালে এই পথ দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল শুরু করে।
শনিবার সকালে উড়ালপুলের দু’দিক থেকে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটতেই একসঙ্গে চারজন আহত হন। এমনকী একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে যায়। অপর গাড়ির ডানদিক দুমড়ে মুচড়ে গিয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। বেপরোয়া গতির জেরে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। সিসিটিভি ফুটেজ এখন খতিয়ে পথ দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিন সকালে পার্ক সার্কাস এলাকার থেকে আসা একটি গাড়ি ডিভাইডার টপকে উলটো দিকের লেনে উঠে যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। তার জেরে গাড়িটি দুমড়ে মুছড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে ইএম বাইপাসের দিকে যাচ্ছিল। কিন্তু গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডার টপকে সেটি চলে যায় উল্টোদিকের লেনে। ইএম বাইপাসের দিক থেকে সেভেন পয়েন্টের দিকে যাওয়া একটি গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়ির ডানদিক একেবারে দুমড়ে মুচড়ে যায়। অপর গাড়ির চাকা খুলে চলে যায়। ভিতরে থাকা দুটি এয়ারব্যাগই খুলে যায়। আহত হয় দুই গাড়ির কমপক্ষে চারজন যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তাছাড়া এই চারজনের মধ্যে একজন চালক এবং একজন শিশুও রয়েছে। পথ দুর্ঘটনার পর দুটি গাড়িকেই আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতিতে পার্ক সার্কাসের দিক থেকে আসা গাড়ি ডিভাইডার টপকে অন্য লেনে ঢুকে পড়তেই বিপত্তি ঘটে। তখন ওই লেনে উলটো দিক থেকে অন্য একটি প্রাইভেট গাড়ি আসছিল। সজোরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পথ দুর্ঘটনার অভিঘাতে দুটি গাড়ি ছিটকে যায়।




