রণবীর কপূর অভিনীত এবং নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ এবার বড়পর্দার গণ্ডি পেরিয়ে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়তে চলেছে। ভারতীয় মহাকাব্যকে কেন্দ্র করে তৈরি হতে পারে থিম পার্ক, সংগ্রহশালা এবং নানা ধরনের অভিজ্ঞতাভিত্তিক বিনোদনকেন্দ্র। অর্থাৎ, দুই পর্বের চলচ্চিত্রের মধ্যেই এই মহাকাব্যকে সীমাবদ্ধ রাখতে চান না নির্মাতারা। বরং ভারতীয় পুরাণ ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তৈরি হচ্ছে এক বৃহত্তর পরিকল্পনা।
সম্প্রতি জিয়োহটস্টারে প্রকাশিত ছবির নেপথ্যের একটি বিশেষ ভিডিয়োয় এই পরিকল্পনার ঝলক সামনে এসেছে। সেখানে দেখানো হয়েছে, কীভাবে গল্প বলার অভিনব পদ্ধতি, আধুনিক প্রযুক্তি এবং দর্শককে সরাসরি যুক্ত করার মতো নানা ব্যবস্থার মাধ্যমে রামায়ণের জগৎকে আরও জীবন্ত করে তোলা যায়। বড়পর্দায় ছবি দেখার অভিজ্ঞতার বাইরে গিয়েও দর্শকদের কাছে এই মহাকাব্যকে পৌঁছে দেওয়াই নির্মাতাদের লক্ষ্য।
A timeless epic. A limitless vision.
Namit Malhotra’s Ramayana reimagines a legendary world for generations to come.
From India, for a better world.
Watch on @JioHotstar.
https://t.co/jigsLypGTW https://t.co/8TGIm42ajx— The World Of Ramayana (@WorldOfRamayana) October 27, 2026
বড়পর্দার বাইরে রামায়ণের নতুন দুনিয়া
এই পরিকল্পনার অন্যতম আকর্ষণ হল রামায়ণকে কেন্দ্র করে থিম পার্ক ও সংগ্রহশালা তৈরির প্রস্তাব। সেখানে দর্শকেরা মহাকাব্যের বিভিন্ন চরিত্র, কাহিনি এবং সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক বিনোদনের মাধ্যমে রামায়ণের নানা পর্বকে কাছ থেকে অনুভব করার সুযোগও তৈরি হতে পারে।
নমিত মালহোত্রার এই উদ্যোগের লক্ষ্য শুধু একটি চলচ্চিত্র নির্মাণ নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও পুরাণকে ঘিরে দীর্ঘস্থায়ী ঐতিহ্য গড়ে তোলা। বিশেষত, নতুন প্রজন্মের কাছে প্রাচীন ভারতীয় মহাকাব্যকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
তবে প্রস্তাবিত থিম পার্ক ও সংগ্রহশালা কোথায় তৈরি হবে, এই প্রকল্পে কত টাকা বিনিয়োগ করা হবে কিংবা কবে থেকে নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
সমাজমাধ্যমে ছবির নির্মাতারা এই বিশেষ ভিডিয়োটি প্রকাশ করে লিখেছেন, ‘এক কালজয়ী মহাকাব্য। এক অসীম পরিকল্পনা। নমিত মালহোত্রার রামায়ণ আগামী প্রজন্মের জন্য এক কিংবদন্তির জগৎকে নতুন করে তুলে ধরছে।’
রাম-সীতার ভূমিকায় রণবীর-সাই, রাবণ যশ
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন রণবীর কপূর। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবের অভিনয় করার কথা।
দুই পর্বে নির্মিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রাইম ফোকাস স্টুডিয়োজ। সঙ্গে রয়েছে ডিএনইজি এবং যশের সংস্থা মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। উন্নত দৃশ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক মানের প্রযোজনা ব্যবস্থার সাহায্যে ভারতীয় মহাকাব্যকে বিশ্বদর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ‘রামায়ণ: প্রথম পর্ব’ ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছবিটির। আইম্যাক্সের মতো উন্নত প্রেক্ষাগৃহ ব্যবস্থাতেও দেখানো হবে এই ছবি।
প্রেক্ষাগৃহে প্রদর্শনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রথম পর্বটি জিয়োহটস্টারে দেখানোর পরিকল্পনাও রয়েছে। তবে এ ক্ষেত্রে সাধারণ সম্প্রচারের পরিবর্তে পৃথক অর্থের বিনিময়ে ছবি দেখার ব্যবস্থা চালু হতে পারে বলে জানা গিয়েছে।




