• facebook
  • twitter
  • youtube
Tuesday, 27 October, 2026

ফ্লাইটে বসেই হাইজ্যাকের পরিকল্পনা, মাঝপথ থেকে ফিরল বিমান, গ্রেপ্তার ১

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিমানে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাব্য নিরাপত্তাজনিত সমস্যার মোকাবিলা করতেই বিমানটিকে নিরাপদে লাস ভেগাসে ফিরিয়ে আনা হয়। এর জেরে বিমানটি আর শনিবার রাতে রওনা দেয়নি। অবশেষে রবিবার সকালে সেটি ফের নিউ জার্সির উদ্দেশে রওনা দেয়।

ফ্লাইটে বসেই হাইজ্যাকের পরিকল্পনা, মাঝপথ থেকে ফিরল বিমান, গ্রেপ্তার ১

Photo-SNS

রানওয়ে থেকে টেকঅফ করার পরেই ফ্লাইটে হাইজ্যাক আতঙ্ক। এক যাত্রীর ফ্লাইটটি হাইজ্যাক করার পরিকল্পনা রয়েছে বলে ফ্লাইট অ্যাটেনডেন্ট জানতে পারেন। এরপর মাঝপথ থেকেই নিউ জার্সিগামী ফ্লাইটটি লাস ভেগাসে ফিরে যায়। হাইজ্যাকের হুমকি দেওয়ার অভিযোগে ২৫ বছর বয়সি এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতের এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

শনিবার রাতে আমেরিকার লাস ভেগাস থেকে নিউ জার্সির উদ্দেশে রওনা দিয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। অভিযোগ, বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে ওড়ার কিছুক্ষণ পরে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট দেখেন এক যাত্রী তাঁর মোবাইল ফোন থেকে কাউকে একটি মেসেজ পাঠাচ্ছেন।

ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের দাবি, সেই মেসেজে বিমানটিকে হাইজ্যাক করার পরিকল্পনার কথা তিনি কাউকে জানাচ্ছিলেন। এমনকী বিমানের নির্দিষ্ট একটি সারির যাত্রীদের লক্ষ্য করে ওই যাত্রী বিমানটি ভেঙে ফেলবেন বলেও মেসেজেও জানান। তবে ওই যাত্রী কাকে এইসব বার্তা পাঠাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে লাস ভেগাস পুলিশ অভিযুক্তকে আটক করে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিমানে এক যাত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে হুমকি দেওয়া বা সেই সংক্রান্ত মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে তাঁর ১-২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অভিযুক্তের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিমানে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাব্য নিরাপত্তাজনিত সমস্যার মোকাবিলা করতেই বিমানটিকে নিরাপদে লাস ভেগাসে ফিরিয়ে আনা হয়। এর জেরে বিমানটি আর শনিবার রাতে রওনা দেয়নি। অবশেষে রবিবার সকালে সেটি ফের নিউ জার্সির উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: রাশিয়ার ড্রোন হামলায় মৃত ২, আহত ১৭, ক্ষতিগ্রস্ত মস্কোগামী যাত্রীবাহী ট্রেন

এদিকে, ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখনও পর্যন্ত বিমানে যাত্রীদের আচরণের অভিযোগে ১ হাজার ৪০০টিরও বেশি ঘটনা ঘটেছে। এই ঘটনা ফের একবার বিমানযাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।