• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

‘বোয়েলো’-র দাপটে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য প্রাণরক্ষা

বিশেষজ্ঞদের মতে, অবতরণের সময় প্রবল দমকা হাওয়া বিমানের ভারসাম্য ও রানওয়ের সঙ্গে তার অবস্থানের সামঞ্জস্যে প্রভাব ফেলতে পারে। ফলে প্রতিকূল আবহাওয়ায় বিমান অবতরণ আরও কঠিন হয়ে ওঠে।

‘বোয়েলো’-র দাপটে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য প্রাণরক্ষা

Photo: BBC

প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে অবতরণের সময়ে রানওয়ে থেকে ছিটকে ঘাসের উপর দিয়ে চলতে শুরু করে যাত্রীবাহী বিমান। রবিবার বিকেলে ব্রিটেনের বার্মিংহাম বিমানবন্দরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিমানটি ইতালি থেকে ব্রিটেনে আসছিল। ঘূর্ণিঝড় ‘বোয়েলো’-র প্রভাবে ওই অঞ্চলে প্রবল হাওয়া বইছিল বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, জেট২ সংস্থার LS1310 বিমানটি রবিবার ভেনিস থেকে বার্মিংহামের উদ্দেশে রওনা দিয়েছিল। বার্মিংহাম বিমানবন্দরে অবতরণের সময়ে প্রবল ঝোড়ো হাওয়ার কারণে বিমানটি সাময়িকভাবে রানওয়ে ছেড়ে ঘাসের উপর দিয়ে চলতে শুরু করে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রানওয়ের বাইরে কিছুটা এগিয়ে যাওয়ার পর বিমানটি ফের মূল রানওয়েতে ফিরে আসে। এরপর নিরাপদে বিমানবন্দরের নির্দিষ্ট পার্কিং এলাকার দিকে সেটি এগিয়ে যায়।

বিমান সংস্থা জেট২-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘বোয়েলো’-র কারণে এই ঘটনা ঘটেছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় যাত্রীদের বিমান থেকে নামতে কোনও সমস্যা হয়নি। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা সকলে নিরাপদে বিমান থেকে নেমেছেন। রবিবার বার্মিংহাম-সহ ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। ঝড়ের প্রভাবে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

ব্রিটেনের আবহাওয়া দপ্তর মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের প্রভাব পড়ার কথা ছিল উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের উত্তরাংশের বিভিন্ন এলাকায়। বিশেষজ্ঞদের মতে, অবতরণের সময় প্রবল দমকা হাওয়া বিমানের ভারসাম্য ও রানওয়ের সঙ্গে তার অবস্থানের সামঞ্জস্যে প্রভাব ফেলতে পারে। ফলে প্রতিকূল আবহাওয়ায় বিমান অবতরণ আরও কঠিন হয়ে ওঠে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান ও ভানুয়াতু দ্বীপপুঞ্জ, মাত্রা ৬-এরও বেশি

বার্মিংহাম বিমানবন্দরের এই ঘটনা ঝড়ের সময় বিমান চলাচলের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। তবে বিমানটি নিরাপদে বিমানবন্দরে পৌঁছনোয় এবং যাত্রীরা ভালোভাবে নেমে যেতে পারায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।