রাহুল গান্ধীর কনভয়ের গাড়ি সোমবার দুর্ঘটনার কবলে পড়ল। চারটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে তাঁর কনভয়ের গাড়ির ধাক্কা লাগে। উত্তরপ্রদেশের সুলতানপুরে যাওয়ার সময় রাহুল যে গাড়িতে ছিলেন সেটা অক্ষত আছে। রাহুলেরও কোনও চোট লাগেনি। তবে বেশ কয়েকজন আহত হন বলে খবর। এদিন সকালে একটি মামলার হাজিরা দিতে লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন দেশের বিরোধী দলনেতা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। কনভয়ের পাঁচটি গাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা লাগলেও কারও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। লখনউ থেকে সুলতানপুরের আদালতে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে যে এলাকায় এই ঘটনা ঘটে সেটা হালিয়াপুর থানার অন্তর্গত। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাহুল গান্ধীর গাড়ির পিছনে ছিল ওই গাড়িগুলি। সুলতানপুরের পুলিশ আধিকারিক জানান, কংগ্রেস নেতাদেরই চারটি গাড়ি রাহুলের কনভয়ের পিছনে আসছিল। তখন নিজেদের মধ্যে ধাক্কা লাগে। কোনও একটি গাড়ি ব্রেক কষায় এই ঘটনা ঘটেছে। সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে সোমবার সকালে হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। ২০১৮ সালে একটি মানহানির মামলার রায় ঘোষণার সময় সাংসদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই সুলতানপুর কোর্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে কনভয়ের একটি গাড়ি অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে। তার পরে একে একে পরস্পরের সঙ্গে ধাক্কা খায় কনভয়ের গাড়িগুলি বলে সূত্রের খবর। সকালেই লখনৌ এয়ারপোর্টে পৌঁছন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁর কনভয় রওনা দেয় সুলতানপুরে। বিমানবন্দর থেকে সুলতানপুর প্রায় ১৩৫ কিলোমিটার পথ। দুর্ঘটনা ঘটে গন্তব্যে পৌঁছনোর ৩৫ কিলোমিটার আগেই। ২০১৮ সালের ৪ আগস্ট অমিত শাহের বিরুদ্ধে একটি বক্তব্য ঘিরে এই মানহানির মামলা হয়। তখন অমিত শাহ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাস্তায় থাকা সিসি ক্যামেরায় দুর্ঘটনাটি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকে আছে সেই অ্যাম্বুল্যান্স। তার কাছে জটলা পাকিয়ে আরও কয়েকটি গাড়ি।
তাছাড়া এই কনভয়ের গাড়ি দুর্ঘটনায় রাহুলের কোনও চোট লাগেনি। পরিস্থিতি সামলে কোর্টে পৌঁছন তিনি। ২০১৮ সালের ওই মামলায় হাজিরাও দেন। সুলতানপুর পুলিশের সুপার জানান, রাহুল গান্ধীর কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। ওই গাড়িগুলি তাঁদের নিজস্ব। ওই গাড়িগুলির একটির চালক আচমকা ব্রেক কষায় বিপত্তি হয় বলে সূত্রের খবর।




