• facebook
  • twitter
  • youtube
Saturday, 24 October, 2026

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সিএএ নিয়ে বার্তার অপেক্ষায় মতুয়ারা

আর কিছু দাবি আছে মতুয়াদের। যা জানেন মুখ্যমন্ত্রী। সেগুলি নিয়ে বার্তা দিতে পারেন তিনি। এই আশায় বুক বাঁধছেন মতুয়ারা

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সিএএ নিয়ে বার্তার অপেক্ষায় মতুয়ারা

CM Suvendu Adhikari Photo-ANI

দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে। এবার সামনে কালীপুজো। আর তার আগেই ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঠাকুরবাড়িতে দুটি বিভক্ত শিবির আছে। একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। আর দ্বিতীয়টি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এই এলাকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু হিন্দুর নাম বাদ পড়েছে এসআইআরের দৌলতে। তাঁদের গায়ে সেঁটে গিয়েছে তকমা বাংলাদেশি। সুতরাং তা নিয়ে মতুয়ারা অত্যন্ত ক্ষুব্ধ। এখন ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী এখানে এসে কী বার্তা দেন সেটাই দেখার।

এদিকে এই আবহে আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন থেকে ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন। সেখানেই প্রধান অতিথি হয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকার বদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। সুতরাং সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ওইদিন সেখানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর থাকবেন বলেই জানা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। আর এখান থেকেই মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য বিশেষ কিছু ঘোষণা করতে পারেন।

অন্যদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মতুয়াদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেগুলির কতটা পূর্ণ হয়েছে সেটা জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। আর কিছু দাবি আছে মতুয়াদের। যা জানেন মুখ্যমন্ত্রী। সেগুলি নিয়ে বার্তা দিতে পারেন তিনি। এই আশায় বুক বাঁধছেন মতুয়ারা। মতুয়াদের অন্যতম দাবি নাগরিকত্ব। সেটা মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন। সিএএ আবেদন নিয়ে তাঁদের কিছু বক্তব্য আছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সিএএ আবেদন যাচাইয়ের দায়ভার দিয়েছে জেলাশাসকদের হাতে। তাতে কোনও সমস্যা হচ্ছে কিনা তা জানাতে চান মতুয়ারা। আগে দুর্গাপুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। তখন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ‘সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।’

তাছাড়া যাঁরা সিএএ বিষয়ে আবেদন করে সমস্যায় পড়েছেন সে কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ থাকছে। এমনকী নাগরিকত্ব নিয়ে কিছু কথা বলতে চান মতুয়ারা। সেই সুযোগ মিলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ সেখানে বেশি সময় থাকবেন না মুখ্যমন্ত্রী। ঠাকুরবাড়ির অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরবেন তিনি। কিন্তু এখানে অনেকের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে। অনেকের নাম ঝুলে আছে ট্রাইব্যুনালে। তাঁদের প্রতি কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে তাকিয়ে মতুয়া সমাজ। বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় উন্নয়নও রাজ্য সরকারের নজরে আছে। তাই ঠাকুরবাড়িতে মতুয়াদের কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে সকলে।