• facebook
  • twitter
  • youtube
Friday, 23 October, 2026

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষাণ, এবার খুলবে বৈভবের দরজা?

নিউজিল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতাও বৈভবের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ইশান কিষাণ, এবার খুলবে বৈভবের দরজা?

Ishan Kishan Photo-SNS

এক দিকে চোটের ধাক্কা, অন্য দিকে তরুণ বৈভব সূর্যবংশীর সামনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় শিবিরে বড় খবর, চোটের কারণে ছিটকে গেলেন ইশান কিষাণ। ফলে শনিবারের ম্যাচে বৈভবের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম টি-টোয়েন্টিতে ডান দিকের তলপেটের কাছে অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছিলেন ইশান। সেই চোটের কারণেই দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে বোর্ডের মেডিক্যাল দল।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ইশানের চোটের কারণে ব্যাটিং অর্ডারে বদল আনতে হয়েছিল ভারতকে। তিন নম্বরে নামেন তিলক বর্মা, তার পরে খেলেন শ্রেয়স আইয়ার। সেই ম্যাচে ২২৫ রান তাড়া করে চার উইকেটে জিতেছিল ভারত।

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, ইশানের চোটের কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছিল। তিনি বলেন, ‘ইশানের কুঁচকির কাছে পেশিতে টান ধরেছিল। সেই কারণেই ব্যাটিং অর্ডার বদলানো হয়েছিল। সংবাদমাধ্যমে এই নিয়ে অনেক জল্পনা দেখেছি।’ ইশানের পরের ম্যাচে খেলার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন তিনি।

 

ইশান ছিটকে যাওয়ায় তাই এ বার আলোচনায় ফের উঠে এলেন বৈভব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তাঁকে বসে থাকতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে সেই অপেক্ষার অবসান হতে পারে।

কোটাক বলেছেন, ‘ইশান যদি খেলতে না পারে, তা হলে বৈভব অবশ্যই ওর জায়গায় খেলতে পারে। তবে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে কি না, সে বিষয়ে মেডিক্যাল দলই পরামর্শ দেবে। বৈভব অবশ্যই প্রথম একাদশে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার।’

তবে বৈভবকে খেলানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ধারাবাহিক ভাবে রান করায় বৈভবকে প্রথম একাদশে জায়গা দেওয়া নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল।

নিউজিল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতাও বৈভবের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিদেশের মাঠে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁকে সাহায্য করবে বলে জানিয়েছিলেন শ্রেয়স।

তবে ইশানের চোটে পরিস্থিতি বদলেছে। এ বার বৈভবের সামনে সুযোগের দরজা খুলে যায় কি না, সেটাই দেখার।