• facebook
  • twitter
  • youtube
Monday, 19 October, 2026

শরৎ এল রে: ১০২ বছরে পা দিল মল্লিকবাড়ির দুর্গাপুজো, মহাষ্টমীতে সাবেকি সাজে কোয়েল, পরিবারের সঙ্গে পুজোর আনন্দে রঞ্জিত মল্লিকও

অষ্টমীর সকালে অভিনেত্রীর সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল শাড়ি, হলুদ সুতোর কাজ করা ব্লাউজ, কপালে লাল টিপ এবং খোঁপায় বাঁধা চুলে ছিমছাম সাজে দেখা যায় কোয়েলকে

শরৎ এল রে: ১০২ বছরে পা দিল মল্লিকবাড়ির দুর্গাপুজো, মহাষ্টমীতে সাবেকি সাজে কোয়েল, পরিবারের সঙ্গে পুজোর আনন্দে রঞ্জিত মল্লিকও

Image: SNS

বনেদি বাড়ির দুর্গাপুজোর আকর্ষণ বরাবরই আলাদা। ঐতিহ্য, আভিজাত্য আর পারিবারিক মেলবন্ধনে ভবানীপুরের মল্লিকবাড়ির পুজোও ধরে রেখেছে নিজস্ব স্বকীয়তা। এ বছর ১০২ বছরে পা দিল এই পুজো। মহাষ্টমীর সকালে মল্লিকবাড়ির ঠাকুরদালানে ধরা পড়ল সাবেকি দুর্গোৎসবের চেনা ছবি। আর সেই উৎসবের কেন্দ্রে ছিলেন পরিবারের মেয়ে তথা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।

পুজোর দিনগুলিতে পরিবারের আর পাঁচজনের সদস্যের মতোই তাঁকে দেখা যায়। মল্লিকবাড়ির কুমারীপুজো শেষ হওয়ার পরেই শুরু হয় আরতির পর্ব। ঢাকের বাদ্যি আর ধুনোর গন্ধে তখন উৎসবমুখর ঠাকুরদালান। আরতির সময় পরিবারের সদস্যদের হাতে প্রদীপ তুলে দেওয়ার পাশাপাশি নিজের হাতে শঙ্খও বাজান কোয়েল (Koel Mallick)।

আরও পড়ুন: শরৎ এল রে: পর্দার ‘সৌরভ’ রাজকুমারের সঙ্গে ম্যাডক্স স্কোয়ারে আসল সৌরভ, ঢাক বাজালেন কোনজন?

অষ্টমীর সকালে অভিনেত্রীর সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। লাল শাড়ি, হলুদ সুতোর কাজ করা ব্লাউজ, কপালে লাল টিপ এবং খোঁপায় বাঁধা চুলে ছিমছাম সাজে দেখা যায় তাঁকে (Koel Mallick)। সঙ্গে ছিল মানানসই হালকা গয়না। অভিনেত্রীর বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিকও পুজোয় অংশ নিতে দেখা যায়। নীল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি ও ধুতিতে তাঁকেও দেখা যায় চেনা সাবেকি সাজে।

আরতির পরেই শুরু হয় অষ্টমীর পুষ্পঞ্জলি। পরিবারের ছোট-বড় সকলে একসঙ্গে দেবীর চরণে ফুল ও বেলপাতা দিয়ে প্রার্থনা করা হয়। কোয়েলও (Koel Mallick) এদিন পরিবারের সদস্যদের সঙ্গে অঞ্জলি দেন।

আরও পড়ুন: শরৎ এল রে: মহাষ্টমীর পুজোয় কাজল, মেয়ে নাইসা ও বোন তানিশার সঙ্গে পুজো দিলেন অভিনেত্রী

এদিন কোয়েলের (Koel Mallick) সঙ্গে ছিল তাঁর দুই সন্তান কবীর ও কাব্য। মায়ের সাজের সঙ্গে রং মিলিয়ে কবীরের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। কাব্যকে দেখা যায় লাল টপ ও হলুদ স্কার্টে। কোয়েলের (Koel Mallick)  স্বামী প্রযোজক নিসপাল রানের পোশাকেও ছিল হলুদের ছোঁয়া। পরিবাের সদস্যদের সাজে ওই রংমিলান্তি উৎসবের ছবিকে আরও সুন্দর করে তোলে।

কুমারীপুজো, আরতি, শঙ্খধ্বনি, পুষ্পাঞ্জলি আর সাবেকি পোশাক—সব মিলিয়ে ভবানীপুরের মল্লিকবাড়িতে এ দিন ছিল পুরনো কলকাতার ছোঁয়া। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনযাত্রা বদলালেও ঐতিহ্য ও পারিবারিক বন্ধনকে আঁকড়ে ধরে ১০২ বছরেও সমান উজ্জল মল্লিকবাড়ির দুর্গোৎসব।

দেখুন: বাড়ির পুজোয় পরিবারের সঙ্গে কোয়েল, ১০২ বছরে মল্লিকবাড়ির দুর্গোৎসব