• facebook
  • twitter
  • youtube
Monday, 19 October, 2026

আগরকরের জায়গায় রমেশ পওয়ার, ভারতীয় বোর্ডের নতুন প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা

অজিত আগরকরের জায়গায় নির্বাচক কমিটিতে এলেন রমেশ পওয়ার। পাশাপাশি, প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝাকে। সোমবার, এই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

আগরকরের জায়গায় রমেশ পওয়ার, ভারতীয় বোর্ডের নতুন প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা

Image: X

বিসিসিআইয়ের পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে এলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রমেশ পওয়ার (Ramesh Powar)। প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার পরেই এই পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

অজিত আগরকরের জায়গায় নির্বাচক কমিটিতে এলেন রমেশ পওয়ার। পাশাপাশি, প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝাকে। সোমবার, এই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) এই পদের জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পরে সর্বসম্মতিক্রমে পওয়ারের নাম সুপারিশ করে। সিএসি-তে ছিলেন অশোক মালহোত্র এবং যতীন পরাঞ্জপে।

আরও পড়ুন: পাঁচ দিনের ব্যবধানেই নিউজিল্যান্ড সফর, প্রস্তুতির সময় কোথায়? সূচি নিয়ে প্রশ্ন সঞ্জুর

২০২৩ এর জুলাইয়ে ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তাঁর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির আমলে ভারত তিনটি আইসিসি ট্রফি, দু’টি এশিয়া কাপ এবং পর পর দু’বার এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জেতে।

আগরকরের অবদানের কথা স্বীকার করে বিসিসিআই জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মেয়াদে ভারতীয় ক্রিকেটের সাফল্যও উল্লেখযোগ্য। বোর্ডের ঘোষণা অনুযায়ী, পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে রয়েছেন পাঁচ জন।

প্রজ্ঞান ওঝা — প্রধান নির্বাচক
শিবসুন্দর দাস
আরপি সিং
অজয় রাত্রা
রমেশ পওয়ার

টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতার ভিত্তিতে কমিটির প্রধান নির্বাচক হয়েছেন ওঝা। অর্থাৎ, আগরকরের বিদায়ের পরে নতুন কমিটির দায়িত্ব সামলাবেন এই প্রাক্তন বাঁহাতি স্পিনার।

আরও পড়ুন: শামিকে বাদ দিয়ে কোন পথে ভারতীয় ক্রিকেট? নির্বাচকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ‘নিউজিল্যান্ড স্বস্তির নিঃশ্বাস ফেলবে’

ভারতের হয়ে দু’টি টেস্ট এবং ৩১টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পওয়ার। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পরে কোচিংয়ের দায়িত্বও সামলেছেন তিনি। ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হওয়ার পাশাপাশি মুম্বই ও গুজরাতের কোচ ছিলেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং কোচ হিসাবেও কাজ করেছেন।

ভারতীয় মহিলা দলের কোচ থাকাকালীন এশিয়া কাপ জিতেছিলেন পওয়ার। তাঁর কোচিংয়েই কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এ বার জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটিতে তাঁর অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেটাই দেখার। বিশেষ করে আগামী দিনের আন্তর্জাতিক সূচি এবং গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দল নির্বাচনে নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দেখুন: বাড়ির পুজোয় পরিবারের সঙ্গে কোয়েল, ১০২ বছরে মল্লিকবাড়ির দুর্গোৎসব