দুর্গাপুজোয় যাত্রীদের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিষেবার দিকে বাড়তি নজর দিচ্ছে কলকাতা মেট্রো। ষষ্ঠী, ১৬ অক্টোবর থেকে বিজয়া দশমী, ২১ অক্টোবর পর্যন্ত মেট্রো স্টেশন ও ট্রেনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভিড়ের কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে বাড়ানো হচ্ছে রেলরক্ষী বাহিনী (আরপিএফ) ও অন্যান্য কর্মীর সংখ্যা। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরায় নজরদারি, তল্লাশি এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মাস্টারদা সূর্য সেন এবং কবি নজরুল স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। এছাড়া, এসপ্ল্যানেড, হাওড়া, হাওড়া ময়দান ও শিয়ালদহ স্টেশনে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে মহিলা আরপিএফ কর্মী-সহ কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল রাখা হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ নজর দেবেন মহিলা আরপিএফ কর্মীরা। প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের হলুদ লাইন পেরিয়ে যাওয়া আটকানো হবে। সুড়ঙ্গ ও ভায়াডাক্টের মুখেও নজরদারি চলবে। গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ও পরিকাঠামোগত জায়গায় টহলদারি বাড়বে। নাশকতা রুখতে তল্লাশিতে নামানো হবে ডগ স্কোয়াড। সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখবেন গোয়েন্দা বিভাগের কর্মীরাও।
নিরাপত্তা নিয়ন্ত্রণকক্ষ থেকে সিসিটিভি ফুটেজে নজর রাখা হবে। নিয়মিত ঘোষণার পাশাপাশি লাউড হেলার, ওয়াকিটকি ও কিউ-ম্যানেজারের সাহায্যে ভিড় সামলানো হবে। যাত্রী ও তাঁদের মালপত্র পরীক্ষায় ব্যবহার করা হবে ব্যাগেজ স্ক্যানার এবং হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টর। নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ, সেন্ট্রাল পার্ক ও জোকা কারশেডেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
ভিড় সামলাতে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলার পাশাপাশি যাত্রীদের স্মার্ট কার্ড, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ, কিউআর কোডযুক্ত স্টিকার এবং দেওয়ালে লাগানো টিকিট মেশিন ব্যবহারের পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।




