ডিএ বা মহার্ঘভাতা নিয়ে মামলা পিছিয়ে যেতে পারে বলে একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই মহাষষ্ঠীর দিনে সত্যি হল। শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার বিস্তারিত শুনানি সুপ্রিম কোর্টে হল না। সেটা পিছিয়ে গেল। এক ভিডিও বার্তায় এই কথাই জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সদস্য শ্যামল কুমার মিত্র। অর্থাৎ নিজেদের হকের টাকা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।
এদিকে আগামী ২৭ অক্টোবর ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ স্থির হয়েছে। গত ১৯ আগস্ট বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে মামলার শেষ শুনানি হয়েছিল। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে আজ আর সেটি হচ্ছে না। শ্যামল মিত্র জানান, গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট যাবতীয় তথ্য ইন্দু মালহোত্রার কমিটিকে জানানোর নির্দেশ দিয়েছিলেন। আর একাধিক সংগঠনের কারা কারা প্রতিনিধি থাকবেন তালিকা চাওয়া হয়। তারপর বিচারপতি ১০ জন সদস্যকে মালহোত্রা কমিটিতে পাঠিয়েছিলেন।
অন্যদিকে গত শুনানির সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইন্দু মালহোত্রা কমিটি পুরো বিষয়টির উপর সব পক্ষকে নিয়ে বৈঠক করে আদালতের কাছে একটি রিপোর্ট পেশ করবে। তার জন্য ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি এখনও কোনও বৈঠক করে উঠতে পারেনি। গত ১২ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হলেও শেষ মুহুর্তে তা বাতিল হয়ে যায়। কর্মচারী পরিষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এমএ পিটিশন দাখিল করা হয়। শ্যামল মিত্র জানান, এই এমএ পিটিশন নিয়ে শুক্রবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মূল মামলার কোনও এদিন শুনানি হচ্ছে না।
তাছাড়া আগামী ২৭ অক্টোবর ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ স্থির হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ’র বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী এবং অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ পাননি। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা নিয়ে কিছু অভিযোগ আছে। এখন দেখার বিষয়, আগামী ২৭ তারিখ অর্থাৎ দুর্গাপুজো শেষ হওয়ার পর সিঁকে ছেঁড়ে কিনা।




