• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত অন্তত ২৯, আহত ৪০-এরও বেশি

নিহতেদর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের সবরকম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত অন্তত ২৯, আহত ৪০-এরও বেশি

Photo: Statesman

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন পড়ুয়া ও ১ জন মহিলা শিক্ষক রয়েছেন। এই ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহ্পতিবার পেশোয়ারের শহরের অভ্যন্তরীণ এলাকা দির কলোনিতে এই দুর্ঘটনাটি ঘটে। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের মিয়ান সইদ জানিয়েছেন, দুর্ঘটনার পর স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম জানান, মৃত পড়ুয়াদের মধ্যে ৬ জন ছাত্রী। নিহত সমস্ত শিশুর বয়স ১৩ বছর বা তার কম। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার পরেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আরও কোনও পড়ুয়া বা স্কুলকর্মী আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাফ ওয়াজির ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কী কারণে স্কুলের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতেদর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের সবরকম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডিও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দুর্ঘটনায় বহু শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকাজ ও তদন্তের পাশাপাশি আহতদের চিকিৎসার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।