• facebook
  • twitter
  • youtube
Monday, 12 October, 2026

আইনজীবী নিগ্রহে হাইকোর্টের কড়া বার্তা, আদালতে পান-গুটখা, সিগারেটের দূষণ নিয়ে সরব প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জানান, এ বিষয়ে রাজ্য বার কাউন্সিলের সরাসরি ভূমিকা না থাকলেও হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে সমস্ত আইনজীবীর সহযোগিতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

আইনজীবী নিগ্রহে হাইকোর্টের কড়া বার্তা, আদালতে পান-গুটখা, সিগারেটের দূষণ নিয়ে সরব প্রধান বিচারপতি

Image: AI নির্মিত

আইনজীবীদের উপর একের পর এক হামলা ও হেনস্থার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে রাজ্যের রিপোর্ট জমা। আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা, হামলার ঘটনায় পুলিশের পদক্ষেপ এবং আদালতের পরিচ্ছন্নতা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে শুনানি হয়।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, একাধিক ঘটনায় পদক্ষেপ করা হয়েছে। তবে বারুইপুর আদালতে আইনজীবী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। জবাবে আইনজীবী সপ্তাংশু বসু জানান, কলকাতা হাইকোর্টের বারান্দায় যেভাবে সিগারেট খেতে দেখা যায়, তাতে পরিস্থিতি অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে।

সপ্তাংশু বসুর বক্তব্য, পান-গুটখার ব্যবহার থাকলেও সিগারেট সেবনের সমস্যাও যথেষ্ট প্রকট। নির্দিষ্ট জায়গার অভাব এবং বারবার কমিটিকে জানিয়েও সমাধান না হওয়ায় হতাশার কথাও জানান তিনি। প্রধান বিচারপতি জানান, এ বিষয়ে রাজ্য বার কাউন্সিলের সরাসরি ভূমিকা না থাকলেও হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে সমস্ত আইনজীবীর সহযোগিতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি আরও জানান, বারুইপুরে আইনজীবী হেনস্থার ঘটনার এক ঘণ্টার মধ্যেই রাজ্যের সমস্ত জেলার মুখ্য বিচারকদের লিখিতভাবে জানানো হয়েছিল, যাতে আদালত চত্বরে পান-গুটখা সেবন বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে পান, সিগারেট ও গুটখার ব্যবহার বন্ধে সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার পরামর্শও দেন তিনি। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগে আদালত চত্বরের পরিবেশের উন্নতি সম্ভব।

আইনজীবীদের নিরাপত্তা, হামলার ঘটনায় পুলিশের পদক্ষেপ এবং আদালত চত্বরের পরিবেশ, সব মিলিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে এই স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলায়। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যের পদক্ষেপ ও আদালতের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সেদিকেই নজর থাকবে।